সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের ৬ নম্বর নৌকাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীরা হলেন, টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার ভদ্র শিমুল গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েদ হোসেন (১৩) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার কাটাঙ্গা গ্রামের আব্দুল হালিমের ছেলে আরিফুর ইসলাম (১১)। তারা স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) সকালে মাদরাসার তিন ছাত্র যমুনা নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে জুনায়েদ ও আরিফুর পানিতে ভেসে গিয়ে তলিয়ে যায়। এ সময় তাদের সঙ্গে থাকা অপর এক ছাত্র সাঁতার কেটে কোনোভাবে নদীর তীরে উঠে আসে এবং বিষয়টি স্থানীয়দের জানায়।
খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ও জেলেরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে নদীতে জাল ফেলে এবং বিভিন্নভাবে তল্লাশি চালানো হয়। দীর্ঘ অনুসন্ধানের পর দুপুর ১২টার দিকে যমুনা নদী থেকে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, যমুনা নদীতে গোসল করতে নেমে দুই মাদরাসা ছাত্র পানিতে ডুবে মারা গেছে। খবর পেয়ে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির সদস্য ও নৌপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে যমুনা নদীতে পানির উচ্চতা ও স্রোত বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তারা নদীতে গোসল করতে নামার ক্ষেত্রে শিশু-কিশোরদের সতর্কতার সঙ্গে নজরদারিতে রাখার আহ্বান জানিয়েছেন।