Tuesday 03 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণের পরিকল্পনার নিন্দা জানাল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫৩

অধিকৃত পশ্চিম তীরের ‘ই-১’ এলাকায় ইসরায়েলের বসতি সম্প্রসারণের পরিকল্পনাকে কঠোরভাবে নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিন্দা জানায়।

বাংলাদেশ বলছে, ইসরায়েলের এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের পরিপন্থী; পাশাপাশি তা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের আঞ্চলিক অখণ্ডতা এবং একটি কার্যকর ‘দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান’-এর সম্ভাবনাকে আরও ক্ষুণ্ণ করে।

নিন্দা জানানোর পাশাপাশি বাংলাদেশ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সব ধরনের বসতি স্থাপন কার্যক্রম অবিলম্বে বন্ধ করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানায়। একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের বৈধ ও অবিচ্ছেদ্য অধিকারের প্রতি বাংলাদেশ তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছে- যার মধ্যে রয়েছে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার।

বিজ্ঞাপন

একই সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রসত্তাকে ক্ষুণ্ণ করে এমন কর্মকাণ্ড প্রতিরোধে এবং আন্তর্জাতিক আইন ও দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে মধ্যপ্রাচ্যে একটি ন্যায়সঙ্গত, ব্যাপক ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার জন্য বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে।

বাংলাদেশ ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে এবং তাদের স্বাধীনতা, মর্যাদা, ন্যায়বিচার ও রাষ্ট্রসত্তার ন্যায্য আকাঙ্ক্ষাকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সারাবাংলা/একে/এনজে