রাজবাড়ী: ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা দাবি করেছেন, বাংলাদেশে প্রায় এক কোটির ওপর তরুণ-তরুণী নেশাগ্রস্ত। আমাদের তরুণ সমাজের একটি অংশ যখন মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে, তখন এটি দেশের জন্য বড় সংকট।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ‘মেধা সততা দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’ এই স্লোগানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখার আয়োজনে শহরের রাজবাড়ী কনভেনশন সেন্টারে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিবগাতুল্লাহ বলেন, ২০২৪ সালে আবু সাঈদসহ অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে আমরা ভেবেছিলাম ব্যবস্থার পরিবর্তন হবে। কিন্তু নতুন একটি সরকার আসার পরও আমরা দেখতে পাচ্ছি, নানাভাবে মেধাবীদের থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, আমরা এমন একটি ভৌগোলিক অবস্থানে রয়েছি, যেখানে সীমান্তবর্তী জেলাগুলো থেকে বিভিন্ন ধরনের মাদক বাংলাদেশে পুশ করা হয়। ইয়াবা, ফেনসিডিলসহ নানা ধরনের মাদক দেশে আসে।
মেধাবীদের মূল্যায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সিবগাতুল্লাহ বলেন, একটি সমাজ তখনই এগিয়ে যায়, যখন মেধাবীদের মূল্যায়ন করা হয় এবং তাদের সামনে নিয়ে আসা হয়। কিন্তু বাংলাদেশে দীর্ঘদিন ধরে মেধাবীদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। শুধু ভালো ফলাফল করলেই জীবনে সফল হওয়া যায় না। শিক্ষার্থীদের জীবনের প্রতিটি ধাপে নানা ধরনের প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে। তাই জিপিএ-৫ পাওয়াকে চূড়ান্ত অর্জন মনে না করে পড়াশোনা ও দক্ষতা অর্জনের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
তিনি বলেন, এ বছর এক লাখ ১৬ হাজার শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। কিন্তু দেশের বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আসন রয়েছে এর তুলনায় কম। ফলে জিপিএ-৫ পাওয়া সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে না। আবার জিপিএ-৫ না পেয়েও অনেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে। তাই জীবনের প্রতিটি ধাপে নতুন করে পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশের তরুণরা অত্যন্ত সৃজনশীল। বিভিন্ন বিজ্ঞান উৎসব ও উদ্ভাবনী কার্যক্রমে তরুণদের অংশগ্রহণে তাদের মেধা ও সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়। তরুণদের এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।
এ সময় তিনি জুলাই আন্দোলন, শহিদ আবু সাঈদ ও আবরার ফাহাদের প্রসঙ্গ তুলে ধরেন। আবরার ফাহাদের হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, শুধু মেধাবী হলেই হবে না, শিক্ষার্থীদের সৎ, নৈতিক ও দেশপ্রেমিক হতে হবে। মেধার সঙ্গে সততা ও নৈতিকতার সমন্বয় ঘটাতে হবে। আমাদের লক্ষ্য হলো এমন নাগরিক তৈরি করা, যারা একই সঙ্গে সৎ, দক্ষ, নৈতিক ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবু তাহের এম তানভীরের সভাপতিত্বে এবং হাসান মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আলী আহমেদ তাহকিক এবং ফরিদপুর মেডিকেল কলেজের সাবেক সহকারী অধ্যাপক ও সিনিয়র কনসালটেন্ট ডা. মো. ইউনুছ আলী মোল্লা।