Monday 02 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মেসির নৈপুণ্যে পিছিয়ে পড়েও মায়ামির জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৬ ১০:১৩ | আপডেট: ২ নভেম্বর ২০২৬ ১১:২৯

ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েছিল ইন্টার মায়ামি। ম্যাচের শেষ ১০ মিনিটে স্কোরলাইন ছিল ১-১। এমন পরিস্থিতিতে আবারও ত্রাণকর্তা হিসেবে হাজির লিওনেল মেসি। আগে সতীর্থকে দিয়ে গোল করানোর পর ম্যাচের শেষ দিকে নিজেই অসাধারণ এক গোল করেছেন আর্জেন্টাইন জাদুকর। মেসির এক গোল ও এক অ্যাসিস্টে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ২-১ ব্যবধানে হারিয়েছে মায়ামি।

রোববার রাতে নিউ ইংল্যান্ডের মাঠ জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। বিরতির পর অবশ্য ম্যাচের চিত্র বদলে যায়। ৫৩ মিনিটে দানিয়েল গাজদাগের গোলে এগিয়ে যায় স্বাগতিক নিউ ইংল্যান্ড রেভল্যুশন। এরপর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে মায়ামি। মেসির হাত ধরে সেই প্রচেষ্টার ফল আসে ৬৯ মিনিটে। মেসির তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগিয়ে হেডে গোল করেন হের্মান বেরতেরামে।

বিজ্ঞাপন

সমতা ফেরানোর পর দুই দলই জয়সূচক গোলের খোঁজে আক্রমণাত্মক ফুটবল খেলে গেছে। শেষ পর্যন্ত ৮৩ মিনিটে ব্যবধান গড়ে দেন মেসি। প্রতিপক্ষের গোলপোস্ট থেকে প্রায় ৩০ গজ দূরে বল পেয়ে তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢোকেন তিনি। এরপর সতীর্থ তেলাসকো সেগোভিয়ার সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর বাঁ পায়ের নিচু শটে লক্ষ্যভেদ করেন ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড। চলতি এমএলএস মৌসুমে এটি মেসির ২৬তম গোল।

৮৭ মিনিটে নিউ ইংল্যান্ড বল জালে জড়ালেও ভিএআরে তা বাতিল হয়ে যায়। ফলে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে মায়ামি।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর