খুলনা: খুলনায় আজমল ওরফে আযম (২৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে নগরীর হরিণটানা থানার ইসলামনগর মসজিদ গলিতে এ ঘটনা ঘটে। নিহত আজমল হরিণটানা এলাকার কুতুবের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজমল খুবি’র খানজাহান আলী হলের বিপরীত গলির আকিবের বাড়ির পঞ্চমতলার একটি মেসে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। শুক্রবার রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিয়ে কয়েকজন তাকে মারধর করতে থাকে। এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, মৃত্যু নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। স্থানীয়রা ঘটনা সম্পর্কে পরিস্কার কোনো ধারণা দিতে পারছে না। ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। থানায় অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।