ঢাকা: বহুপাক্ষিকতা সমুন্নত রাখতে কীভাবে যৌথভাবে কাজ করা যায়- সে বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও কানাডা।
রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বহুপাক্ষিকতা সমুন্নত রাখতে বাংলাদেশ ও কানাডা কীভাবে যৌথভাবে কাজ করতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। তারা আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে উচ্চপর্যায়ের আলোচনার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেছে। এর মধ্যে রয়েছে- তৈরি পোশাকের বাইরে হালকা প্রকৌশল ও যন্ত্রপাতির মতো খাতে বৈচিত্র্য আনা এবং ব্যবসায়ী প্রতিনিধিদলের পারস্পরিক সফর বিনিময়। প্রতিমন্ত্রী কানাডায় বসবাসরত এক লাখেরও বেশি বাংলাদেশির অবদানের কথা তুলে ধরেন।
তিনি রোহিঙ্গা সংকট মোকাবিলায় কানাডার অব্যাহত সহায়তার জন্য ধন্যবাদ জানান।
অন্যদিকে কানাডিয়ান হাইকমিশনার মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের বিষয়ে কানাডার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের বিষয়টি সামনে রেখে প্রতিমন্ত্রী জলবায়ু বিষয়ক নেতৃত্ব ও জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে কানাডার সহায়তা কামনা করেন।
কানাডিয়ান হাইকমিশনার দুই দেশের মধ্যে কৃষি খাতে সহযোগিতার একটি কাঠামো তৈরির সম্ভাবনার কথা উল্লেখ করেন এবং উভয় পক্ষ জ্বালানি খাতে সহযোগিতার বিষয়ে মতবিনিময় করে।
উভয় পক্ষই পুনর্ব্যক্ত করে যে, বাংলাদেশ ও কানাডার মধ্যকার সম্পর্ক বন্ধুত্ব ও পারস্পরিক আস্থার ওপর প্রতিষ্ঠিত।