ঢাকা: সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং অন্যান্য উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ৯২ জন সদস্যকে পুলিশ পদক দেওয়া হচ্ছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে সই করেছেন পুলিশ-২ শাখার উপসচিব নাসরিন সুলতানা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১ মার্চ ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং অন্যান্য উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’, ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’,‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ প্রদানসহ ৪ (চার) ক্যাটাগরিতে সর্বমোট ৯২ (বিরানব্বই) জন পুলিশ সদস্যকে উল্লিখিত পদক দেওয়া হলো।
এর আগে গত এপ্রিলে পুলিশ সপ্তাহ শুরুর আগের রাতে ১১৫ পুলিশ সদস্যের পদক হঠাৎ করে স্থগিত করা হয়। এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছিল।