ঢাকা: দেশের সব প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আগামী কয়েক দিন পরিস্থিতি স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র ও যমুনা নদ-নদীর পানি সমতল কমেছে এবং আগামী পাঁচ দিনও এসব নদ-নদীর পানি কমার ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
বুলেটিনে আরও জানানো হয়েছে যে, গত ২৪ ঘণ্টায় গঙ্গার পানি সমতল কিছুটা বাড়লেও পদ্মার পানি সমতল স্থিতিশীল রয়েছে। আগামী দুই দিন গঙ্গার পানি স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী তিন দিন তা বাড়তে পারে। অন্যদিকে পদ্মার পানি আগামী পাঁচ দিন একই রকম স্থিতিশীল থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার এবং উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে এবং আগামী তিন দিন এই নদীর পানি কমার প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে যে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে আরও দুর্বল হতে পারে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী তিন দিন দেশের অভ্যন্তরে ও তৎসংলগ্ন উজানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। প্রধান নদ-নদীর পানি বিপদসীমার নিচে থাকায় সার্বিক বন্যা পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।