Tuesday 03 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৬ ১৪:৫৯

-কোলাজ প্রতীকী ছবি : সংগৃহীত

চট্টগ্রাম: জেলার হাটহাজারীতে ভাড়া বাসা থেকে শোয়াইব আহম্মদ (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) দুপুরে হাটহাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল সবুর চৌধুরীর বাড়ির নিপা ভবন থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শোয়াইব নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই গ্রামের সাহেব আলীর ছেলে। জীবিকার তাগিদে তিনি হাটহাজারীতে থেকে দিনমজুরের কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শোয়াইব ওই ভবনের একটি কক্ষে আরও দুইজনের সঙ্গে ভাড়া থাকতেন। সোমবার দুপুরে তার এক রুমমেট মো. অলিউল্লাহ বাসায় ফিরে কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে ফ্যানের সঙ্গে শোয়াইবকে ঝুলন্ত অবস্থায় দেখেন।

বিজ্ঞাপন

পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলতাফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানায় পুলিশ।