Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্য ও কৃষিতে নতুন উদ্যোগ কপ ৩১-এর

মো. মহসিন হোসেন, স্পেশাল করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৬ ১৩:৪৩

জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করা, কৃষক ও গ্রামীণ জনগোষ্ঠীর সহনশীলতা বাড়ানো এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ ৩১-এর প্রেসিডেন্সি। সম্মেলনের প্রথম দিন সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য, খাদ্য ও কৃষিকে কেন্দ্র করে এসব উদ্যোগ ও কর্মসূচি সামনে আনা হয়েছে।

তুরস্কের আন্তালিয়ায় শুরু হওয়া কপ ৩১-এর প্রথম দিনের প্রতিপাদ্য ‘খাদ্য, কৃষি ও স্বাস্থ্য’। জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি, কৃষি উৎপাদন ব্যাহত হওয়া এবং খাদ্যনিরাপত্তার ওপর চাপ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, অর্থায়ন ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

দিনের কর্মসূচির অংশ হিসেবে কপ ৩১ প্রেসিডেন্সি ‘আন্তালিয়া ইনিশিয়েটিভ ফর রেজিলিয়েন্ট হেলথ সিস্টেমস’ (এআইআর) চালুর ঘোষণা দিয়েছে। এর লক্ষ্য জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিভিন্ন দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও সক্ষম ও সহনশীল করে তোলা। এ উদ্যোগের আওতায় জলবায়ু সংবেদনশীল স্বাস্থ্যপ্রযুক্তি, ডিজিটাল স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা এবং বিভিন্ন দেশের অভিজ্ঞতা নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় স্বাস্থ্যবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকেও বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এতে বিভিন্ন দেশের স্বাস্থ্যনীতিনির্ধারকেরা জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় জাতীয় অগ্রাধিকার ও যৌথ পদক্ষেপ নিয়ে আলোচনা করছেন।

কৃষি ও খাদ্যনিরাপত্তার ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি) এবং তুরস্কের কৃষি ও বন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ‘দ্য আনফান্ডেড হাফ’ শীর্ষক একটি কারিগরি প্রতিবেদন প্রকাশের কর্মসূচি রাখা হয়েছে। এতে জলবায়ু অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে নারী কৃষকদের সুযোগ ও সীমাবদ্ধতার বিষয়টি তুলে ধরা হচ্ছে। নারী কৃষকদের অর্থায়নে প্রবেশাধিকার বাড়ানো এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।

এ ছাড়া কৃষি, পানি ব্যবস্থাপনা ও খাদ্যনিরাপত্তায় আবহাওয়া ও জলবায়ু তথ্যের ব্যবহার নিয়ে বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) নেতৃত্বে আলোচনা হচ্ছে। আবহাওয়া ও পানিসংক্রান্ত তথ্য কাজে লাগিয়ে কৃষি উৎপাদন, পানি ব্যবস্থাপনা এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলার সক্ষমতা বাড়ানোর উপায় এতে গুরুত্ব পাচ্ছে।

সম্মেলনের প্রথম দিনে ডব্লিউএমও ২০২৬ সালের বৈশ্বিক জলবায়ু পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদন প্রকাশের কর্মসূচিও রেখেছে। এতে বৈশ্বিক তাপমাত্রা, গ্রিনহাউস গ্যাসের মাত্রা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এবং সমুদ্রের তাপমাত্রা-সংক্রান্ত তথ্য তুলে ধরা হবে।

খাদ্য ও কৃষি ব্যবস্থার রূপান্তরে তরুণদের অংশগ্রহণ বাড়াতেও উদ্যোগ নেওয়া হয়েছে। কপ ৩১ প্রেসিডেন্সি, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং তুরস্কের কৃষি ও বন মন্ত্রণালয়ের আয়োজনে উচ্চপর্যায়ের সংলাপে কৃষি, পানি ও খাদ্যব্যবস্থায় তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি তরুণ জলবায়ু উদ্ভাবকদের নতুন প্রযুক্তি ও সমাধান তুলে ধরতে বিনিয়োগকারী, অর্থায়নকারী ও বিশেষজ্ঞদের নিয়ে আয়োজন রাখা হয়েছে।

কপ-৩১-এর প্রথম দিনের এসব কর্মসূচিতে জলবায়ু পরিবর্তনকে শুধু পরিবেশগত সংকট হিসেবে নয়, বরং স্বাস্থ্য, কৃষি, খাদ্যনিরাপত্তা ও অর্থনৈতিক সক্ষমতার সঙ্গে যুক্ত একটি বড় বৈশ্বিক চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা হচ্ছে। জলবায়ু অঙ্গীকারকে বাস্তব পদক্ষেপে রূপ দিতে অর্থায়ন, প্রযুক্তি ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোই এসব উদ্যোগের মূল লক্ষ্য।

সারাবাংলা/এমএমএইচ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর