ঢাকা: লক্ষ্মীপুরের লামছড়ি এলাকায় ৮ বছরের এক শিশুকে ১২ বছরের আরেক শিশু কর্তৃক র্ধষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত শিশুকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রোববার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে লক্ষ্মীপুর সদর থানাধীন লামছড়ি এলাকা থেকে একজন বাবা ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান তার ৮ বছরের মেয়েশিশুকে ১২ বছরের এক কিশোর ধর্ষণ করেছে। কলার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে দ্রুত ব্যবস্থা জন্য অনুরোধ জানায়। ৯৯৯ তাৎক্ষনিকভাবে লক্ষীপুর সদর থানায় বিষয়টি অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানায়।
আনোয়ার সাত্তার বলেন, প্রাথমিকভাবে জানা যায়, ভুক্তভোগী শিশুর বাবা-মা ও ভাইবোন চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ায় ভুক্তভোগী শিশু বাসায় একা ছিল। অভিযুক্ত শিশু খেলার কথা বলে শিশুটিকে তার বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে। ভুক্তভোগী শিশুটির চিৎকারে আশে-পাশের লোকজন অভিযুক্ত কিশোরকে একটি রুমের মধ্যে আটকে রাখে।
তিনি জানান, খবর পেয়ে লক্ষ্মীপুর মডেল থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আর ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা একটি মামলা দায়ের করেছেন।