ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনায় ডিএমপি’র একাধিক অভিযানে ১৫ জন গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধায় ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) মো. আকতার হোসেন এই তথ্য জানান।
তিনি বলেন, রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে রুপনগর থানার সামনে ককটেল ফাটিয়ে পালিয়ে যাওয়ার সময় আশরাফুল (২৭) নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এক সদস্যকে হাতেনাতে গ্রেফতার করে রুপনগর থানা পুলিশ।
আকতার হোসেন বলেন, সোমবার (৯ নভেম্বর) সকাল ৭টায় রামপুরা বনশ্রী এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় শ্রাবণ সরদার (২০) ও রবিনকে (২৭) গ্রেফতার করা হয়।
তিনি জানান, বৃহস্পতিবার (৫ নভেম্বর) ক্যান্টনমেন্ট থানাধীন গল্ফ ক্লাবের সামনে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানা পুলিশ ৪ জন, ডিবি ৫ জন ও এসআরইউ ৩ জনকে গ্রেফতার করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।