Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোবাইল কোর্টের নামে হয়রানি বন্ধ চান রেস্তোরাঁ মালিকরা

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২১ ২১:০৫ | আপডেট: ২০ নভেম্বর ২০২১ ২১:০৬

ঢাকা: মোবাইল কোর্টের নামে হয়রানি বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, নানান প্রতিষ্ঠানের নামে সময়ে-অসময়ে মোবাইল কোর্ট পরিচালনার কারণে তারা ব্যবসায়িক সংকটের মুখে পড়েছেন। বর্তমানে সারাদেশে মোবইল কোর্ট পরিচালনার নামে নৈরাজ্যকর পরিস্থিতি চলছে বলেও অভিযোগ করেন তারা।

শরিবার (২০ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাওঁয়ে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সংবাদ সম্মেলনে এসব কথা উঠে আসে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. ওসমান গণি। সে সময় উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব ইমরান হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বিজ্ঞাপন

লিখিত বক্তব্যে বলা হয়, বর্তমানে সারাদেশের বিভিন্ন খোলা ফুটপাতে, যেখানে-সেখানে খাবার তৈরি ও বিক্রি করা হয়। কিন্তু, সেখানে কোনো মোবাইল কোর্ট পরিচালনা করা হয় না। অথচ, কোটি কোটি টাকা বিনিয়োগ করে রেস্তোরাঁ বানানো হলে সেখানে অহেতুক ১৫-২০ জন পুলিশ বিজিবি, র‌্যাব, আনসার সদস্য দিয়ে ভয়ভীতি দেখিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে করে মালিকদের মধ্যে আতংক কাজ করছে। তাই বিধি মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনার আহ্বান জানান তিনি।

তারা আরও বলেন, বর্তমানে এ খাত পরিচালনার জন্য কম বেশি ১১টি সংস্থা কাজ করে। এই ১১ সংস্থায় প্রতিবছর নতুন করে লাইসেন্স বা নবায়নের কারণে ছোট ছোট উদ্যোক্তরা হয়রানির শিকার হচ্ছেন। এতে করে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ অবস্থা থেকে উত্তরণের জন্য ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে উন্নত বিশ্বের ন্যায় একটি মন্ত্রণালয় বা সংস্থা বা অধিদফতরের আওতায় আনা হোক।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বাংলাদেশের শিল্প খাতের অন্যতম হচ্ছে রেস্তোরাঁ খাত। এই খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় দুই কোটি মানুষ জড়িত। সরকারি হিসাবে সারাদেশে প্রায় ৪০ লাখের বেশি রেস্তোরাঁ রয়েছে। যেখানে ৫০ লাখের মতো শ্রমিক কাজ করছেন। দেশের কৃষি, পর্যটন, অর্থনীতি এবং কর্মসংস্থান সব ক্ষেত্রে এই খাত বিশাল ভূমিকা রাখলেও সরকারিভাবে খাতটিকে কোনো মূল্যায়ন করা হচ্ছে না। তাই অবিলম্বে এই খাতকে শিল্প হিসাবে মূল্যায়নের আহ্বান জানান হয়।

সারাবাংলা/জিএস/একেএম