Thursday 26 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২২ ১১:৪৬ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২২ ১৩:১৭

ঢাকা: পাঁচ দিনব্যাপী পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ ২০২২-এর উদ্বোধন করেন তিনি।

সকাল ১০টার দিকে প্যারেডে ভার্চুয়ালি উপস্থিত থেকে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট এবং পতাকাবাহী দলের সুশৃঙ্খল, দৃষ্টিনন্দন প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করছেন প্রধানমন্ত্রী।

পাঁচ দিনব্যাপী পুলিশ সপ্তাহের প্রতিটি অনুষ্ঠান যথাযথভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক অনুষ্ঠিত হবে বলে আগেই জানিয়েছে পুলিশ সদর দফতর। পুলিশ সপ্তাহকে ঘিরে রাজধানীর প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপে বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে।

বিজ্ঞাপন

বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন পুলিশ সুপার মো. ছালেহ উদ্দিন। তার নেতৃত্বে বিভিন্ন কন্টিনজেন্টের পুলিশ সদস্যরা প্যারেডে অংশ নিয়েছেন।

পুলিশ সপ্তাহ উপলক্ষে ২০২০ সালে ১১৫ ও ২০২১ সালে ১১৫ জনসহ মোট ২৩০ পুলিশ সদস্যকে পদক দেওয়া হবে। পদকের মধ্যে রয়েছে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম), রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা।

২০১৯ সালে সবশেষ পুলিশ সপ্তাহ পালিত হয়েছে। করোনার কারণে পরের দুই বছর পুলিশ সপ্তাহ পালন করা হয়নি। করোনার প্রকোপের মধ্য দিয়েই আজ পুলিশ সপ্তাহ পালিত হতে যাচ্ছে। তবে প্রতিবছর প্রধানমন্ত্রীর সঙ্গে পুলিশ কর্মকর্তাদের দরবার বসলেও করোনার কারণে এবার তা বাতিল করা হয়েছে। তাই পুলিশের দাবিদাওয়া লিখিতভাবে পরবর্তীতে প্রধানমন্ত্রীকে জানানো হবে।

সারাবাংলা/একে
বিজ্ঞাপন

আরো