Wednesday 24 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদাবাজির প্রতিবাদে সড়কে মাছ ফেলে জেলেদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৬ ২২:১৩

জেলেদের বিক্ষোভ।

চট্টগ্রাম: চট্টগ্রামের হালিশহরের রানি রাসমণি ঘাটে চাঁদাবাজির প্রতিবাদে সড়কের ওপর মাছ ফেলে বিক্ষোভ করেছেন জেলেরা।

বুধবার (২৪ জুন) সকালে ঘাটসংলগ্ন সড়কে চাঁদাবাজি ও খাস কালেকশনের প্রতিবাদে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে স্থানীয় আড়তদার ও জেলেরা অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদাবাজির অভিযোগ তুলে শতাধিক জেলে ব্যানার ও ফেস্টুন হাতে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা চাঁদাবাজির বিরুদ্ধে নানা স্লোগান দেন। একপর্যায়ে তারা সড়কে মাছ ফেলে এবং বরফ ও গ্যাস সিলিন্ডার রেখে বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, ক্ষমতাসীন দলের পরিচয়ে একটি চক্র গত ২৩ এপ্রিল থেকে সিটি করপোরেশনের রাজস্ব আদায়ের নামে রানি রাসমণি ঘাট এলাকায় চাঁদাবাজি করছে। ঘাটে প্রতি টুকরো বরফে ৫ টাকা, প্রতি কেজি মাছে ৫ টাকা ও প্রতি গ্যাস সিলিন্ডারের জন্য ১০০ টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। একাধিকবার সংশ্লিষ্টদের কাছে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় প্রতিবাদ কর্মসূচিতে নামেন জেলেরা। এ সময় চাঁদাবাজি বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

বিজ্ঞাপন

বিক্ষোভে অংশ নেওয়া মাছ ব্যবসায়ী রাজিব জলদাস বলেন, ‘আমরা বৈধভাবে ব্যবসা করছি। এরপরও পথে পথে চাঁদা দিতে হচ্ছে। এ অবস্থায় ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। বাধ্য হয়েই আমরা রাস্তায় নেমেছি।’

এ ছাড়াও একাধিক জেলে অভিযোগ করেন, নৌকার মাঝি, ঘাটে কর্মরত শ্রমিক, মাছ ব্যবসায়ী এবং বিভিন্ন পণ্যসামগ্রীর ক্ষুদ্র বিক্রেতারাও একই ধরনের চাঁদা আদায়ের শিকার হচ্ছেন। তারা অবিলম্বে চাঁদাবাজি কার্যক্রম বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

রানি রাসমণি ইলিশ ঘাটের সভাপতি মো. হাসান আলী চৌধুরী বলেন, ‘এই ঘাটের আশপাশে আরও ঘাট আছে। সেখানে কোথাও খাস কালেকশন নেই। শুধু এখানেই খাস কালেকশনের নামে চাঁদাবাজি করা হচ্ছে। অবৈধ খাস কালেকশন ও চাঁদাবাজি বন্ধ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

সারাবাংলা/এসএন/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর