।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: হত্যার উদ্দেশেই আমার ওপর হামলা করা হয়েছিল বলে জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের যুগ্ন-আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সোহেল ইমলাম।
রবিবার (২৭ মে) দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে আহত সোহেল ইসলাম গণমাধ্যমের কাছে এই অভিযোগ করেন। তিনি বলেন, ‘কোটা সংস্কার চেয়ে আন্দোলন করায় আমাকে মারধর করা হয়েছে। সেদিন এলাকার লোকজন না এগিয়ে এলে আমাকে মেরে ফেলতো হামলাকারীরা।’
গত ২৪মে সন্ধ্যার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে সোহেলকে মারধর করা হয়। আহত অবস্থায় তাকে প্রথমে আজগর আলী হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ওইদিন রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কর হয়। এ ঘটনায় সোহেল একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরুখ আলম শোভন, এস কে মিরাজ, মিনুল মাহফুজ ও বাবুসহ কয়েকজনের নাম উল্লেখ করে থানায় মামলাও দায়ের করেছেন।
ঢামেক হাসপাতালের ক্যাজুয়ালটি ব্লকের কনসালটেন্ট ডা. আশরাফ উদ্দিন খান বলেন, ‘সোহেল এখন সুস্থ। তবে ঠোঁটে কয়েকটি সেলাই লেগেছে। যেকোনো দিন তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে। তার পিঠে আঘাতের চিহ্ন ছিল, এখন সে সুস্থ হয়ে উঠেছে।’
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বলেন, ‘ঘটনার দিনই মামলা হয়েছে। আসামিদের গ্রেফতার করার চেষ্টা চলছে।’
সারাবাংলা/এসএসআর/এমও