।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: ভূমিক্ষয় ও ধস রোধে চট্টগ্রামের পাহাড়ে বিশেষ ঘাস লাগানো প্রকল্পের উদ্বোধন করেছেন থাই রাজকুমারী মাহা চাকরি সিরিনধর্ন। বিন্না ঘাস (ভেটিভার) নামে পরিচিত থাইল্যাণ্ডের এই ঘাস দ্রুত বেড়ে উঠে এবং জলবায়ূ সহিঞ্চু।
‘বাংলাদেশ-থাইল্যান্ড ভেটিভার গ্রাস ডেভেলপমেন্ট প্রজেক্ট’ এর আওতায় চট্টগ্রামে স্থাপন করা হয়েছে ‘ভেটিভার সেন্টার’। বুধবার (৩০ মে) সকালে থাই রাজকুমারী বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের হাতে বিন্না ঘাসের চারা তুলে দিয়ে এ সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

চট্টগ্রাম নগরীর টাইগার পাসের বাটালি হিল মিঠা পাহাড়ের পাদদেশে বিন্না ঘাস লাগানোর কার্যক্রম ঘুরে দেখেন। তিনি ভেটিভার সেন্টারে একটি গাছের চারা রোপণ করেন।
এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ জানান, থাইল্যান্ডের রয়্যাল চাই পাত্তানা ফাউন্ডেশনের সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশন এবং পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় বিন্না ঘাস লাগানোর এই প্রকল্প বাস্তবায়ন করবে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশে ভারি বর্ষণ হচ্ছে। ভূমিধস হচ্ছে। বিন্না ঘাস এই ভূমিধস রোধ করবে।
এই প্রকল্পে সহায়তা করায় থাই রাজকুমারীকে ধন্যবাদ জানান মন্ত্রী। এছাড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিন্নাঘাস লাগানোর এই প্রকল্প বাস্তবায়নের জন্য দুই কোটি টাকা বরাদ্দ দেয়ারও ঘোষণা দেন মন্ত্রী।

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, চট্টগ্রাম নগরীতে প্রায় প্রতিবছরই পাহাড় ধসের ঘটনা ঘটছে। ২০০৭ সালে পাহাড় ধসে চট্টগ্রামে মোট ১২৮ জনের প্রাণহানি হয়। পাহাড় এবং মানুষের জীবন বাঁচাতে বিন্না ঘাস লাগানোর এই প্রকল্প আমরা নিয়েছি।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত পানপিমন সুবান্নাপংসে, পাত্তানা ফাউন্ডেশনের সুমেট তান্তিভেজকুল ও বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলামও বক্তব্য দেন।
সারাবাংলা/আরডি/টিএম