।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: বেসিক ব্যাংকের পৌনে তিন শ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া দুটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য বেগম মাহজাবিন মোরশেদ এবং তার স্বামী মোরশেদ মুরাদ ইব্রাহিম।
বৃহস্পতিবার (৩১ মে) চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ আকবর হোসেন মৃধার আদালতে এই দম্পতি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
আদালত আগামী ১ জুলাই পর্যন্ত দুজনের জামিন মঞ্জুর করেছেন বলে সারাবাংলাকে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী কাজী ছানোয়ার আহমেদ লাবলু।
গত ১০ জানুয়ারি চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় মামলা দুটি দায়ের করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক সিরাজুল ইসলাম।
পারিবারিক প্রতিষ্ঠান আইজি নেভিগেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মাহজাবিন মোরশেদ (৪৮) এবং ক্রিস্টাল স্টিল অ্যান্ড শিপ ব্রেকিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মোরশেদ মুরাদ ইব্রাহিমকে (৫১) মামলায় আসামি করা হয়েছে। দুজন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে বেসিক ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন।
সূ্ত্রমতে, ২০১০ সালে আইজি নেভিগেশন লিমিটেডের নামে বেসিক ব্যাংক থেকে ১৪১ কোটি ১ লাখ ৪৬ হাজার ১০৫ টাকা ১১ পয়সা ঋণের অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয় এজাহারে। এতে মাহজাবিন মোরশেদের সঙ্গে আসামি করা হয় একই প্রতিষ্ঠানের পরিচালক সৈয়দ মোজাফফর আহমেদ (৫৯) এবং বেসিক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামকেও (৬০)।
অপর মামলায় ২০০৯ সালে ক্রিস্টাল স্টিল অ্যান্ড শিপ ব্রেকিংয়ের নামে বেসিক ব্যাংক থেকে ১৩৪ কোটি ৯৩ লাখ ৬৬ হাজার ১৮৫ টাকা ১৭ পয়সা ঋণের অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়। এই মামলায় মোরশেদ মুরাদ ইব্রাহিমের সঙ্গে আসামি করা হয় বেসিক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সাজেদুর রহমানকেও (৬৩)।
দণ্ডবিধির ৪০৯ ও ৪২০ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় আসামিদের বিরুদ্ধে উভয় এজাহারে অভিযোগ আনা হয়েছে।
মাহজাবিন মোরশেদ চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ২০১৪ সালে দ্বিতীয়বারের মতো সদস্য মনোনীত হন মাহজাবিন।
তার স্বামী বনেদি পরিবারের সন্তান মোরশেদ মুরাদ ইব্রাহিম দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান। তিনি একসময় চট্টগ্রাম চেম্বারের সভাপতি ছিলেন।
সারাবাংলা/আরডি/এমআই