Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকেশ্বরী মন্দিরে সেবায়েত নিয়োগের নির্দেশ কেন নয়: হাইকোর্ট


৪ জুন ২০১৮ ১৮:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সেবায়েত নিয়োগের নির্দেশ কেন দেওয়া হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিবকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এক সেবায়েত প্রার্থীর করা রিট আবেদনে প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (৪ জুন) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপিতি সহিদুল করিমের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আবেদনকারী পল্টন কুমার দাসকে সেবায়েত হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়ার কেন নির্দেশ দেওয়া হবে না— তা জানতে চাওয়া হয়েছে রুলে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

বিজ্ঞাপন

আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশে ১৯৯৯ সালে ঢাকেশ্বরী মন্দিরে প্রদীপ কুমার চক্রবর্তীকে প্রধান সেবায়েত হিসেবে নিয়োগ পেয়েছিলেন। পরে সর্বোচ্চ আদালতের রায়েও সে নির্দেশনা বহাল ছিল।’

এ আইনজীবী বলেন, ভারতে সেবায়েত নিয়োগ সংক্রান্ত ১৯৬৭ সালের একটি মামলার রায়ের আলোকে আমাদের সর্বোচ্চ আদালত ১৯৯৯ সালের ৯ মে প্রদীপ কুমার চক্রবর্তী সেবায়েত হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

ওই রায়ে বলা আছে, মন্দিরে জামি দানকারী অথবা জমি দানকারীর বংশধরেরা সেবায়েত নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। রিটকারী পল্টন কুমার দাসের ঠাকুর দাদা সুধীর কুমার দাস ঢাকেশ্বরী মন্দিরের জন্য জমি দান করেছিলেন। সিএস রেকর্ড থেকেও জানা যায়, তিনি মন্দিরের জন্য ৫ শতাংশ জমি দান করেছিলেন। সে মোতাবেক রিটকারী পল্টন কুমার দাসের সেবায়েত হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়ার কথা বলে জানান খুরশীদ আলম খান।

জানা গেছে, ঢাকেশ্বরী মন্দিরের প্রধান সেবায়েত প্রদীপ কুমার চক্রবর্তী গত বছর মারা যাওয়ার পর থেকে এই মন্দিরে কোনো সেবায়েত নিযুক্ত নেই। এর মধ্যে গত বছর প্রধান সেবায়েতের স্ত্রীসহ ৯ সদস্যের একটি কমিটি ঢাকার যুগ্ম জেলা জজ আদালত-৪ থেকে মন্দির রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার অনুমতি নেয়। কিন্তু সংক্ষুব্ধ পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ জুলাই হাইকোর্ট সে কমিটির কার্যক্রম স্থগিত করেন। আবার প্রয়াত সেবায়েতের দুই ছেলের দু’জনই ভারতের নাগরিক। ফলে তাদের পক্ষে এ মন্দিরের সেবায়েতের দায়িত্ব নেওয়া সম্ভব না।

রিটকারী পল্টন কুমার দাস বলেন, ‘ঢাকেশ্বরী মন্দিরের প্রধান সেবায়েত প্রদীপ কুমার চক্রবর্তী গত বছরের ১৯ ফেব্রুয়ারি ভারতে মৃত্যুবরণ করেন। এরপর থেকে এই মন্দিরে কোনো সেবায়েত নেই। বলা যায় মন্দিরটি অভিভাবকশূন্য হয়ে পড়েছে। এ ছাড়া গত প্রায় দেড় বছরে ঢাকেশ্বরী মন্দিরে নানা অনিয়ম, অব্যবস্থাপনার খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে। এরই পরিপ্রেক্ষিতে আমি সেবায়েত হওয়ার জন্য আবেদন করেছি।’

পল্টন দাস জানান, প্রকাশিত বিভিন্ন খবর যুক্ত করে সেবায়েত প্রার্থী হিসেবে গত মাসে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি। আজ (সোমবার) আদালত সেই আবেদনের শুনানি নিয়ে রুল জারি করলেন।

সারাবাংলা/এজেডকে/টিআর