Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বন্ধ হচ্ছে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ রোপণ

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৪ ২০:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ আর রোপণ করা হবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, বন বিভাগ আর এ গাছ রোপণ করবে না। রাস্তার পাশে সামাজিক বনায়নের জন্য লাগানো ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ সংরক্ষণেরও প্রয়োজন নেই। অন্য গাছ সংরক্ষণ করতে হবে।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর আগারগাঁও বন অধিদফতরে অনুষ্ঠিত এক বিশেষ সভায় তিনি এ নির্দেশনা দেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, জীববৈচিত্র্য রক্ষায় বায়োডাইভারসিটি রুলস ও গাইডলাইন তৈরি করা হবে। বন ও বন্যপ্রাণী সংক্রান্ত কাজে রেঞ্জ অফিস পর্যায়ে শিক্ষার্থীদের যুক্ত করতে হবে।

বিজ্ঞাপন

সৈয়দা রিজওয়ানা আরও বলেন, লাঠি টিলা, চুনতি, সাতছড়ি ও লাউয়াছড়ার জন্য ব্যবস্থাপনা কমিটি গঠন করতে হবে। এসব বনভূমিতে ইকো-ট্যুরিজম ও পিকনিক বন্ধ করতে হবে। গান-বাজনাও বন্ধ করতে হবে, যেন বন তার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে পারে।

বনভূমির অবৈধ দখল উচ্ছেদ করতে হবে জানিয়ে উপদেষ্টা রিজওয়ানা বলেন, কোনো তদবির বরদাশত করা হবে না। বনবাসীদের সঙ্গে দ্বন্দ্ব দূর করে গারো সম্প্রদায়ের বিরুদ্ধে মামলাসহ হয়রানিমূলক মামলা বন্ধ করতে হবে।

উপদেষ্টা স্ট্রাটেজিক প্ল্যান, জেন্ডার পলিসি, গ্রিভেন্স রিড্রেস সিস্টেম ও প্রকল্পের তথ্য প্রকাশে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

মতবিনিময় সভায় পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবীর, অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, যুগ্মসচিব বন শামীমা বেগম, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ বন অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/টিআর