Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘একাত্তরে আমরা কোনো ভুল করে থাকলে জাতির কাছে ক্ষমা চাইব’

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৪ ১২:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: একাত্তরের ভূমিকা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, একাত্তরে আমরা কোনো ভুল করে থাকলে এবং তা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, আমি জাতির কাছে ক্ষমা চাইব।

মঙ্গলবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্য বাংলা মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

বুধবার (২০ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে মুজিবুল আলম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. শফিকুর রহমান বলেন, বৃটেনের কোর্ট চৌধুরী মাইনুদ্দিনের বিষয়ে বিচারের রায়ে আমাদের দেশে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের নামে যে বিচার হয়েছে তার অবজারভেশনে এখানকার বিচারপতিরা সে রায়কে ‘জেনোসাইড অব জাস্টিস’ বলেছে। ১৫টি বছর আমাদেরকে আমাদের অফিসে বসতে দেওয়া হয়নি, কথা বলতে দেওয়া হয়নি। এমনকি কোনো র্যালি পর্যন্ত করতে দেওয়া হয়নি। আমরা সাংবাদিকদের মাধ্যমে জাতির কাছেও যেতে পারিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানে নিহতদের ‘জাতীয় বীর’ হিসেবে স্বীকৃতি দিন। এ অভ্যুত্থানে দেশের সকল শ্রেণীর মানুষ অংশ গ্রহণ করেছিল। এমনকি দেশের বাইরে অবস্থানরত অনেকেই যার যার সাধ্য অনুযায়ী আমাদের সাথে যুদ্ধ করেছেন। আমরা তাদের সবাইকে মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এ সময় তিনি নিহতদের আত্মার মাগফেরাত এবং শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।

প্রবাসীরা রেমিটেন্সের মাধ্যমে জন্মভূমি বাংলাদেশকে বিপুল সহায়তা করে যাচ্ছেন উল্লেখ করে জামায়াতের আমীর বলেন, মনিটারী রেমিটেন্সের পাশাপাশি বাংলাদেশকে ইন্টেলিজেন্স রেমিটেন্স পাঠানোর জন্যেও আমি প্রবাসীদের কাছে আবেদন রাখছি। ইন্টেলিজেন্স রেমিটেন্স বাংলাদেশে বুদ্ধিবৃত্তিক বিকাশে বিরাটভাবে সহায়ক হবে। এভাবেই স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রবাসীরা অপরিসীম অবদান রাখতে সক্ষম হবেন।

বিগত সরকারের লাগামহীন দুর্নীতির কথা উল্লেখ করে ডা. শফিক বলেন, যে পরিমাণ উন্নয়ন করা সম্ভব হতো, সেটা আসলে হয়নি। বাংলাদেশে একটি উন্নয়ন প্রকল্পে যে ব্যয় দেখানো হয়েছে, আমাদের অঞ্চলের অন্যান্য দেশে সে ধরনের উন্নয়ন প্রকল্প তার তিন ভাগের এক ভাগ ব্যয় করেই সম্পন্ন হয়েছে। আমাদের দেশে সময়মতো কোনো প্রকল্পের কাজ শেষ করা হয়নি, একের পর এক সময় বাড়ানো হয়েছে আর সেই সঙ্গে বাড়িয়ে দেখানো হয়েছে প্রকল্পের ব্যয়। এভাবেই দেশটাকে লুটেপুটে নিঃস্ব করা হয়েছে।

ডা. শফিক আরও বলেন, জাতিগতভাবে অনৈক্য এবং দুর্নীতির কারণে আমরা জাতি হিসেবে আগাতে পারিনি। দুর্নীতি আমাদের জন্য একটি জাতীয় লজ্জার বিষয়। যুক্তরাজ্য নিজেদেরকে দুর্নীতি থেকে অনেকটা মুক্ত রাখতে পারার কারণে সারা বিশ্বে নিজেদেরকে একটা মর্যাদাপূর্ণ স্থানে নিয়ে যেতে পেরেছে। কিন্তু আমরা পারিনি। যারা সমাজ পরিচালনা করবেন তারা পরিচ্ছন্ন না হলে সমাজ পরিচ্ছন্ন হবে না।

‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা। যুক্তরাজ্যের বিভিন্ন বাংলা মিডিয়ার অর্ধশতকেরও বেশি সাংবাদিক এতে অংশ নেন।

সারাবাংলা/জিএস/ইআ
বিজ্ঞাপন

এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল
৪ অক্টোবর ২০২৬ ১৯:১৭

আরো