Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আন্দোলনে গুলিবিদ্ধ যুবদল নেতার মামলা, আসামি ২২৬

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৪ ১৬:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে এক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি নগরীর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

সোমবার (৯ ডিসেম্বর) চট্টগ্রামের প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর ছিদ্দিকের আদালত এ আদেশ দেন।

শিবলী নোমান নামে এক ব্যক্তি এ মামলা দায়ের করেন। তার বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায়। তিনি চন্দনাইশ উপজেলা যুবদলের নেতা বলে বাদীর আইনজীবী জানিয়েছেন।

মামলায় নগরীর জামালখান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমনকে প্রথম এবং আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর ও নগর আওয়ামী নেতা জহর লাল হাজারিকে দ্বিতীয় আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

মামলায় শিবলী নোমান উল্লেখ করেন, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নগরীর নিউমার্কেটের আমতল তিন পোলের মাথা এলাকায় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ, শ্রমিক লীগ ও তাঁতিলীগের নেতাকর্মীরা। ওই সময় শিবলী নোমান গুলিবিদ্ধ হন। পরে ছাত্র-জনতা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। কিন্তু তার অবস্থা বেশি খারাপ হওয়ায় পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

বাদীর আইনজীবী জিয়াউল হক জিয়া সারাবাংলাকে বলেন, ‘শিবলী নোমান চন্দনাইশ উপজেলার যুবদলের নেতা। গত ৪ আগস্ট আন্দোলন করার সময় তিনি গুলিবিদ্ধ হন। সেসময়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার বেশকিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়। এ ঘটনায় তিনি ৭৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আদালত মামলার আবেদন গ্রহণ করে নগরীর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।’

সারাবাংলা/আইসি/ইআ