Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গণআন্দোলনে শহিদ / প্রথম ধাপের তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদন ৩১ জানুয়ারি পর্যন্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৫ ১৮:২০

ঢাকা: জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণআন্দোলনে অংশ নিয়ে যরা শহিদ হয়েছেন বা আহত হয়েছেন, তাদের প্রথম ধাপের চূড়ান্ত তালিকা এরই মধ্যে প্রকাশ করা হয়েছে। এই তালিকায় যারা অন্তর্ভুক্ত হননি, তাদের নাম তালিকাভুক্ত করার জন্য ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

বুধবার (১ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গণঅভ্যুত্থানে অংশ নিয়ে প্রতিপক্ষের আক্রমণে যারা শহিদ বা আহত হয়েছেন তাদের নামের প্রথম ধাপের চূড়ান্ত তালিকা এরই মধ্যে https://medical-info.dghs.gov.bd/public ওয়েবপেজে প্রকাশ করা হয়েছে। ৮২৬ জন শহিদ ও ১১ হাজার ৩৮১ জন আহতের নাম রয়েছে তালিকায়।

বিজ্ঞাপন

গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণঅভ্যুত্থান চলাকালে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট সময়ের মধ্যে ছাত্র-জনতার আন্দোলনে সম্পৃক্ত হয়ে প্রতিপক্ষের আক্রমণে শহিদ বা আহত হলেও যাদের নাম প্রথম ধাপের চূড়ান্ত ওই তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, তাদের নাম তালিকাভুক্ত করার জন্য আবেদন আহ্বান করা যাচ্ছে।

আবেদনের প্রক্রিয়া উল্লেখ করে গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয় অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় অথবা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ অথবা গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা বরাবর ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন করতে হলে শহিদ ও আহত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, হাসপাতালে চিকিৎসা নেওয়ার প্রমাণপত্র এবং উপযুক্ত অন্যান্য কাগজপত্র থাকতে হবে।

সারাবাংলা/জেআর/টিআর