Friday 13 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্কুলছাত্রীকে মাইক্রোতে তুলে নিয়ে যাওয়ার পথে ৪ যুবককে গণপিটুনি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৫ ১৫:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় স্কুলে যাবার পথে এক ছাত্রীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যাবার চেষ্টা করেছে একদল যুবক। স্থানীয় জনতা ধাওয়া দিয়ে মাইক্রোবাস আটক করে ওই ছাত্রীকে উদ্ধার করে ও চার যুবককে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের বালুটিলা এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, ঘটনার শিকার ১৫ বছর বয়সী কিশোরী বালুটিলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। গণপিটুনির শিকার চার যুবকের বাড়িও ফটিকছড়িতে।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক সারাবাংলাকে বলেন, ‘তিন ছাত্রী একসঙ্গে হেঁটে স্কুলে যাচ্ছিলেন। তাদের পরনে ইউনিফর্ম ছিল। স্কুলের কাছাকাছি রাস্তায় একটি সাদা মাইক্রোবাস এসে তাদের পথ আটকায়। কয়েকজন যুবক নেমে এক ছাত্রীকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। গাড়িটি দ্রুত চলে যাবার পর মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজনের সন্দেহ হলে কয়েকজন মিলে ধাওয়া দেয়।’

বিজ্ঞাপন

‘মাইক্রোবাসটি দ্রুত চলে যাবার পথে কাছের বাজারে গিয়ে গাড়িজটে আটকা পড়ে। এ সময় ভেতরে থাকা মেয়েটি চিৎকার দিলে স্থানীয়রা গাড়িটিকে আটকে ফেলে। লোকজন মেয়েটিকে উদ্ধার করে। মাইক্রোবাসের চালকসহ চার যুবককে ধরে পিটুনি দেয়।’

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে চার যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে ওসি জানান।

ওসি মাহবুব আরও বলেন, ‘কী কারণে এ ঘটনা ঘটাল সেটা আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। প্রেম সংক্রান্ত ঘটনা কেউ কেউ বলছেন, এটা আমরা তদন্তের আগে বলতে পারবো না৷ মেয়ের পরিবারও কোনো অভিযোগ এখনও দেয়নি।’

আটক যুবকদের নাম-পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে বলে ওসি জানান।

সারাবাংলা/আরডি/এমপি