Saturday 14 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘শ্রমিক কল্যাণ তহবিলে তালিকাভুক্ত না হলে সরকারি দরপত্রে অংশ নয়’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে তালিকাভুক্ত না হলে শিপবিল্ডার্স এবং বড় কোম্পানিগুলোকে সরকারি দরপত্র অংশগ্রহণ করতে না দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের অনুমোদন পেলেই এটি বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) থেকে ১ কোটি ৬ লাখ টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এই চেক এম. সাখাওয়াত হোসেনের হাতে তুলে দেন।

বিজ্ঞাপন

এ সময় শ্রম উপদেষ্টা আরও বলেন, ‘আমি দেখলাম মাত্র ৫০০ কোম্পানি এনলিস্টেড (তালিকাভুক্ত)। এই ৫০০ কোম্পানি অর্থ দেয়। বাংলাদেশে ৫০০ কোম্পানি এটা তো বিশ্বাসযোগ্য না, হতেই পারে না। এতোদিন অন্যরা কেন তালিকাভুক্ত হলো না, আমি জানি না। বাংলাদেশে বিশাল বিশাল কনস্ট্রাকশন কোম্পানি আছে, যারা হাজার কোটি টাকার কাজ করেছে এবং করে যাচ্ছে। তারা কেন নেই, তারা কেন তাদের মুনাফা থেকে অবদান রাখছে না।

তিনি বলেন, ‘এটা আমার কাছে একটু খটকা লাগলো, তারপর আমরা সিদ্ধান্ত নিলাম এদের কেউ এর আওতায় আনতে হবে। তাদের শ্রমিকদের ক্ষতি হয় বেশি, কনস্ট্রাকশন কোম্পানিতে মারা যায়, বিকলাঙ্গ হয়। তাদেরকে আমরা ক্ষতিপূরণ দিতে পারি না, কারণ তারা তালিকায় নেই।’

উপদেষ্টা বলেন, ‘আমি উপদেষ্টা পরিষদকে চিঠি দিয়ে বলেছি বড় কোম্পানি, শিপবিল্ডার্স যদি তালিকাভুক্ত না হয়, তাহলে অন্তত সরকারি কোনো দরপত্রে অংশগ্রহণ করতে পারবে না। সরকার সিদ্ধান্ত নিলে তাই হবে। আর শিপবিল্ডিংয়ে যারা কাজ করছে, তারা যদি না হয় তাহলে আমাদের তরফ থেকে তাদেরকে পরবর্তী দরপত্রে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এটা মোটামুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন সরকারের সিদ্ধান্তের অপেক্ষায়।’

চেক হস্তান্তর অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান এবং বিএসসিপিএলসি-এর কর্মকর্তা মির্জা কামাল আহম্মদ উপস্থিত ছিলেন।

জানা যায়, বিএসসিপিএলসি’র শ্রমিক অংশগ্রহণ ও শ্রমিক কল্যাণ তহবিল প্রতিষ্ঠার পর ২০১৩-২০১৪ অর্থবছর থেকে কোম্পানিটি বিধি মোতাবেক নিয়মিতভাবে মুনাফার একটি অংশ দেশের শ্রমজীবী মানুষের কল্যাণে সরকার থেকে গঠিত শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দিয়ে আসছে।

সারাবাংলা/জেআর/এইচআই
বিজ্ঞাপন

আরো