Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাইট টু ফ্রিডমের সঙ্গে বৈঠক / বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে আমেরিকাকে পাশে থাকার আহ্বান এবি পার্টির

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৫ ১৭:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন ‘রাইট টু ফ্রিডম’-এর সঙ্গে বৈঠকে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে আমেরিকার ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)

রোববার (০৯ মার্চ) রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট উইলিয়াম বি মাইলাম, নির্বাহী পরিচালক জন ড্যানিলোউইচ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মলনে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘‘রাইট টু ফ্রিডমের প্রতিনিধি দল বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন, ভারতের ক্রমাগত বাংলাদেশবিদ্বেষী প্রোপাগান্ডা, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে এবি পার্টির অবস্থান, বর্তমান সরকারের সংস্কার প্রস্তাব নিয়ে এবি পার্টির চিন্তা এবং গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দলের সঙ্গে এবি পার্টির সম্পর্ক বিষয়ে জানতে চেয়েছে।’’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘‘প্রতিনিধিদলকে আমরা বলেছি- ভারত বাংলাদেশের বিরুদ্ধে নিয়মিত প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে, তাতে বিভ্রান্ত না হয়ে বাংলাদেশের ব্যাপারে আমেরিকা গণঅভ্যুত্থানসহ অন্যান্য বিষয়ে যেভাবে পজিটিভ ভুমিকা রেখেছে, আগামীতেও সেভাবে আমেরিকা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা যেন অব্যাহত রাখে।’’

আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘‘আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে জাতীয় ঐক্য কমিশনের উদ্যোগে সকলের ঐকমত্যের প্রতি এবি পার্টি গুরুত্ব দিচ্ছে। আমরা চাই নির্বাচন, সংস্কারসহ বিভিন্ন বিষয়ে জাতি ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেবে। দীর্ঘদিন আমরা বিভেদ আর বিভাজনের রাজনীতি দেখেছি, আর নয়। বিভেদ-বিভাজন ভুলে এখন আমাদের ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনে অংশ নিতে হবে।’’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া, ব্যারিস্টার সানী আব্দুল হক, মহিলা বিষয়ক সম্পাদিকা ফারাহ নাজ সাত্তার ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সদস্য হাজরা মাহজাবিন।

সারাবাংলা/এজেড/আরএস
বিজ্ঞাপন

আরো