Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘দ্রুততম সময়ে আছিয়ার ধর্ষণকারীদের বিচার করতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৫ ১৪:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দ্রুততম সময়ে আছিয়ার ধর্ষণকারীদের বিচার সম্পন্ন করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১০ মার্চ) দুপুরে নয়াপল্টনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ দাবি জানান। মাগুরাসহ দেশজুড়ে সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে এ বিক্ষোভ সমাবেশ আয়োজন করে মহিলাদল।

রিজভী বলেন, ‘‘দেশে ধর্ষণ বেড়ে গেছে। কোথাও নারীদের নিরাপত্তা নেই। শেখ হাসিনার আমল থেকেই নারীরা নির্যাতিত হচ্ছিলেন। এখন তো ছাত্রলীগ-যুবলীগ নেই, তাহলে কারা এই হিংস্রতার সঙ্গে জড়িত? আমরা অন্তর্বর্তী সরকারের কাছে তা জানতে চাই।’’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘‘শাসন ঠিক থাকলে দেশে এমন বিশৃঙ্খলা হতো না। আইনের প্রয়োগ সঠিকভাবে করলে এমনটি হতো না। আমরা সরকারের কাছে বলতে চাই, দ্রুততম সময়ে আছিয়ার ধর্ষণকারীদের বিচার করতে হবে, যেন অন্য অপরাধীদের হৃৎকম্পন হয়।’’

রিজভী বলেন, ‘‘দেশের বিভিন্ন জেলায় ডিসি-এসপিদের কক্ষে গিয়ে তাদের কাজ তদারকি করছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। অথচ তাদের থাকার কথা ছিল ক্লাসে ও লাইব্রেরিতে। বিগত দিনে ফ্যাসিস্ট পতনের আন্দোলনে তাদেরও অনেক অবদান রয়েছে। তাই তাদের উচিত ক্যাম্পাসে ফিরে গিয়ে সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো।’’

সভাপতির বক্তব্যে মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেন, ‘‘শেখ হাসিনার সময়ে ধর্ষণকারীদের পুরস্কৃত করা হতো। আর বিএনপির সময়ে ধর্ষণের ঘটনায় উপযুক্ত বিচার হতো। সাম্প্রতিক সময়ে বিচারহীনতার সংস্কৃতির কারণে নারী ও শিশু ধর্ষণের হার দিন দিন বাড়ছে।’’

ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিনুর নার্গিসের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি নেওয়াজ হালিমা আর্লি, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাম্মি আক্তার, ঢাকা মহানগর দক্ষিণের সভানেত্রী রুমা আক্তার, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব অ্যাডভোকেট রুনা লায়লা প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে শেষে নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে মহিলাদল। ধর্ষক ও নিপীড়নকারীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।

সারাবাংলা/এজেড/ইআ