Sunday 15 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৫ ১৭:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশের আশ্রয়ে থাকা রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

শুক্রবার (১৪ মার্চ) সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক ঘণ্টাব্যাপী বৈঠকে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

জাতিসংঘ মহাসচিব জানান, তিনি রোহিঙ্গাদের প্রতি সংহতি প্রকাশ করতে ও তাদের পাশে দাঁড়াতে এখানে এসেছেন।

অ্যান্তোনিও গুতেরেস বলেন, আমি কখনো এমন একটি জনগণকে এত বেশি বৈষম্য সহ্য করতে দেখিনি। আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের ভুলে গেছে। সহায়তা কমে যাওয়া একটি অপরাধ।

তিনি বলেন, পশ্চিমা দেশগুলো এখন প্রতিরক্ষা ব্যয়ের ক্ষেত্রে দ্বিগুণ করেছে, কিন্তু মানবিক সহায়তা সারা পৃথিবীতে কমে যাচ্ছে।

বিজ্ঞাপন

গুতেরেস বলেন, জাতিসংঘ বাংলাদেশের প্রতি অভূতপূর্ব কৃতজ্ঞতা প্রকাশ করছে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য। বাংলাদেশ রোহিঙ্গা জনগণের প্রতি অত্যন্ত দানশীল হয়েছে।

অধ্যাপক ইউনুস জাতিসংঘের মহাসচিবকে দেশের গুরুত্বপূর্ণ সময়ে সফর করার জন্য ধন্যবাদ জানান।

তিনি বলেন, আপনার সফর শুধু রোহিঙ্গাদের জন্যই নয়, বাংলাদেশের জন্যও সময়োপযোগী। জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শুরু করা সংস্কার প্রক্রিয়ার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন।

তিনি বলেন, আমি আমাদের সংস্কার প্রক্রিয়ার প্রতি পূর্ণ প্রতিশ্রুতি জানাতে চাই। আপনার উন্নতির জন্য শুভকামনা জানাই। আমরা যা কিছু করতে পারি, আমাদের জানাবেন।

তিনি আশা প্রকাশ করেন, এই সংস্কারগুলো একটি সুষ্ঠু নির্বাচনের দিকে নিয়ে যাবে এবং দেশের একটি বাস্তব পরিবর্তন আনবে।

এসময় উপস্থিত ছিলেন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান, সিনিয়র সচিব লামিয়া মর্শেদ, জাতিসংঘের সহকারী মহাসচিব রাবাব ফাতিমা ও বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন লুইস।

সারাবাংলা/ইউজে/এমপি