Sunday 15 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘নির্বাচন দেরি হলে ফ্যাসিস্ট শক্তি ফের মাথাচাড়া দিয়ে উঠবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৫ ২০:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: নির্বাচন দেরি হলে ফ্যাসিস্ট শক্তি ফের মাথাচাড়া দিয়ে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিএফইউজে) আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘আমরা এখন যেটা চাইছি, অত্যন্ত আন্তরিকভাবে চাইছি যে, এই অন্তর্বর্তী সরকার অতি অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় সংস্কারগুলো দ্রুত শেষ করে জাতীয় সংসদ নির্বাচনে দিকে যাবে। কারণ, নির্বাচন যত দেরি হবে তত বেশি বিরুদ্ধ শক্তি, ফ্যাসিস্ট শক্তিরা আবার মাথাচাড়া দিতে শুরু করে দেবে এবং তারা শুধু নয় একই সঙ্গে যারা জঙ্গি মনোভাব পোষণ করে থাকেন, যারা উগ্র মনোভাব পোষণ করে থাকেন তারাও এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করবে।”

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘‘আমরা একটা ভয়াবহ দানবীয় পরিবেশ থেকে বেরিয়ে এসেছি। আজকে সেখানে আমাদেরকে একটু ধর্য্য ধারণ করতে হবে। আমরা পত্রিকার পাতা খুললেই বিচলিত হয়ে পড়ি যে, আবার সেই দেখা যাচ্ছে যে, হত্যা-খুন-জখম-ধর্ষণ। এগুলো আমাদেরকে পীড়িত করছে। অন্যদিকে আমরা দেখছি যে, ইয়াং জেনারেশন আমাদের ছ্ত্রারা অসহিষ্ণু হয়ে উঠছে। আবার দেখছি যে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, অর্গানাইজেশন আছে, তাদের কর্মীরা তাদের দাবি-দাওয়া নিয়ে মাঠে নেমে এসছে।”

মির্জা ফখরুল বলেন, ‘‘যত দ্রুত নির্বাচন হবে, যত দ্রুত জনগণের প্রতিনিধিরা পার্লামেন্টে আসবে, পার্লামেন্টে এসে একদিকে তারা দেশ পরিচালনা করবেন, অন্য দিকে প্রয়োজনীয় সংস্কার করতে পারবে।”

তিনি বলেন, ‘‘বিএনপির পক্ষ থেকে বলতে চাই, উই আর কমিটেড টু রিফর্মস। সংস্কারের ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ৩১ দফা দুই বছর আগে দিয়েছি। যে সময় সংস্কারের কথা কেউ বলেনি। সেই সংস্কারগুলো আজকে উঠে এসছে। যার সঙ্গে খুব একটা পার্থক্য দেখা যাচ্ছে না। সেজন্য আমরা মনে করি যে, যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা উচিত।”

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিনের সভাপতিত্বে ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় ইফতারপূর্ব এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।

সারাবাংলা/এজেড/এসআর
বিজ্ঞাপন

আরো