Sunday 15 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীর চকবাজারে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৫ ১৩:২৩

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: ছিনতাইয়ের পর বুড়িগঙ্গা নদী সাঁতরে পালানোর সময় চকবাজারের চম্পাতলী ঘাটে গণপিটুনিতে একজন ছিনতাইকারী নিহত হয়েছেন। এই ঘটনায় জড়িত আরও দুই ছিনতাইকারীকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে চকবাজার চম্পাতলী এলাকায় এই ঘটনা ঘটে। গণপিটুনির সময় ওই তিন জন ছিনতাইকারীর একজন পালিয়ে যান এবং বাকি দুইজনকে আহত অবস্থায় ঢামেকে ভর্তি করা হয়। এর মধ্যে সোয়া ৭টার দিকে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এদিকে, গণপিটুনির সময় পালিয়ে যাওয়া ছিনতাইকারীকে আটক করেছে কেরানীগঞ্জ থানা পুলিশ। আটকের পরে তাকেও ঢামেকে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও গুরুতর।

বিজ্ঞাপন

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) সোয়াইব হাসান জানান, ভোরে বুড়িগঙ্গা নদীর ওপারে কেরানীগঞ্জ এলাকায় ছিনতাই করছিলেন কয়েকজন ছিনতাইকারী। সেখানে স্থানীয় লোকজন টের পেয়ে তাদেরকে ধাওয়া করে। তখন কয়েকজন পালিয়ে গেলেও তিন ছিনতাইকারী নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতরে চকবাজারের চম্পাতলী ঘাটে চলে আসে। এ সময় ওপার থেকে স্থানীয় লোকজন চিৎকার করতে থাকে। ছিনতাইকারীরা চকবাজার চম্পাতলী ঘাটে ওঠলে তখন স্থানীয়রা তাদের মধ্যে দুজনকে আটক করে গণপিটুনি দেয়। আর একজন পালিয়ে যান। পরে তাকেও আটক করা হয়।

এসআই জানান, ছিনতাইকারীদের বয়স ২০ থেকে ২৫ বছর হবে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তাদের নাম পরিচয় জানা যায়নি।

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ