Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাজায় ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনায় ফখরুলের নিন্দা

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৫ ১৫:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: কয়েকদিন ধরে চলা অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের হামলায় অসংখ্য ফিলিস্তিনি জনগণ ও শিশু হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘পবিত্র রমজান মাসেও ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর চলছে মানবতাহীন নিষ্ঠুর বর্বরতা। গাজা উপত্যকাকে বধ্য ভূমিতে পরিণত করা হয়েছে। আন্তর্জাতিক রীতি-নীতি উপেক্ষা করে নির্বিচারে বিমান হামলায় নারী ও কোলের শিশুসহ হাজারেরও অধিক ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বৎসরাধিক কাল ধরে চলা ইসরায়েলের অবিরাম হামলায় ফিলিস্তিনের উপত্যকাটি যেন প্রাণহীন উষর মরুভূমিতে পরিণত হতে যাচ্ছে, উপত্যকাটি যেন এখন এক ভয়াল মৃত্যুপুরী।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘যুদ্ধ বিরতির পরও নতুন করে এই হামলা বেআইনী ও মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। গাজা উপত্যকায় রক্তপাত বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরিভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইসরায়েলের এই ভয়াবহ রক্তাক্ত আগ্রাসন ফিলিস্তিন জাতিকে নিশ্চিহ্ন করার একটি সুপরিকল্পিত মাস্টারপ্ল্যান। বিশ্ব জনমতের কোন তোয়াক্কা না করে দখলদার শক্তি ইসরায়েলিরা আধিপত্য বজায়ের খেলায় মেতে রয়েছে। ফিলিস্তিনে ইসরায়েলের সম্প্রসারণবাদী আগ্রাসন বন্ধ করে সেখানে জনগণের জানমালের নিরাপত্তাসহ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বিশ্ব সম্প্রদায়কে আরও বেশি সোচ্চার হতে হবে।’

এ সময় ইসরায়েলি সামরিক হামলায় নিহত ফিলিস্তিনিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের নিকটজনদের প্রতি গভীর সমবেদনা জানান মির্জা ফখরুল।

সারাবাংলা/এজেড/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো