Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আওয়ামী লীগ একটি গাড়ি, তার ড্রাইভার খারাপ কিন্তু গাড়িটা খারাপ না: জিএম কাদের

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৫ ২০:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নই। আওয়ামী লীগ একটি গাড়ি। তার ড্রাইভার খারাপ হতে পারে কিন্তু গাড়িটা তো খারাপ না।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় রংপুর নগরীর সেনপাড়ায় তার বাসভবন দ্য স্কাই ভিউতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

একটি বিশাল অঙ্কের জনসংখ্যাকে বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবে না উল্লেখ করে জিএম কাদের বলেন, হাসিনার ফ্যাসিবাদী শাসন আমরা দেখেছি। সে জোর করে অর্ধেক লোককে বাদ দিয়ে ইলেকশন করেছে। জোর করে আমাদের নিয়ে এসেছে, আবার কাউকে জোর করে বাদও দিয়েছে। এখন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা জোর করে আমাদের বাদ দিয়ে ইলেকশন করবে। এতে দেশে স্থিতিশীলতা আসবে না। সামনের দিনে দেশ আরও সংঘাতময় দুর্যোগপূর্ণ অবস্থায় চলে যাবে।

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব ছেড়ে দিয়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়ে জিএম কাদের বলেন, তারা পারছেন না, অন্য কাউকে দায়িত্ব দেন। এগুলো থেকে উদ্ধার না হলে দেশের মানুষ চরম বিপদগ্রস্ত হতে পারে। এটা বললাম কেন, এটা বলাতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে- এটা মনে করেছে তারা। এজন্য আমার বিরুদ্ধে দুর্নীতির মামলা দিয়েছে।

দোসর বলা প্রসঙ্গে জি এম কাদের বলেন, এমনিতেই তারা (বৈষম্যবিরোধী ছাত্র-জনতা) আমাদের দোসর বলছে। অন্তর্বর্তী সরকারের কিছু ঘনিষ্ঠজন এমন কিছু কাজকর্মে উৎসাহিত করছেন যেগুলো রাজনীতির নামে অপকৃতি এবং লুটতরাজ। পুলিশ বাহিনীর মনোবল ভেঙে অকার্যকর করে দেওয়া হয়েছে। এটাও উনাদের দায় যেহেতু ঢালাওভাবে সমস্ত পুলিশকে তারা দোসর হিসেবে চিহ্নিত করেছেন। দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগের অপব্যবহার করা হচ্ছে। কতগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেগুলো নতুনভাবে সাজানো খুব সহজসাধ্য হবে না।

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, জেলা ছাত্র সমাজের আহ্বায়ক আরিফুল ইসলামসহ পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো