Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চীনের সঙ্গে ভালো সম্পর্ক তৃতীয় কোনো দেশের চিন্তার বিষয় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৬ ২১:৪০

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলাম। ফাইল ছবি

ঢাকা: চীনের সঙ্গে ভালো সম্পর্ক তৃতীয় কোনো দেশের চিন্তার বিষয় নয়। নিজ স্বার্থ বজায় রেখেই সবার সঙ্গে সুসম্পর্ক চায় বাংলাদেশ।

বুধবার (১ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় পাচারকৃত অর্থ দেশে ফেরাতে ১০ দেশের সঙ্গে চুক্তিকে বড় অগ্রগতি হিসেবে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জানান, ইকনোমিক করিডোর নিয়ে কোনো জটিলতা থাকলে তা বিচার-বিশ্লেষণের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।

প্রায় সব সরকারের আমলেই অক্ষত ছিল ঢাকা-বেইজিং সুসম্পর্ক। তবে সম্প্রতি প্রধানমন্ত্রীর সফরে তা আরও সুসংগঠিত হয়েছে। কমিউনিটি উইথ এ শেয়ার্ড ফিউচারের মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক পৌঁছে গেছে সর্বোচ্চ পর্যায়ে।

বিজ্ঞাপন

তবে দক্ষিণ এশিয়ায় চীনের যেকোনো কার্যক্রমে থাকে ভারতের মনোযোগ। এই সফর নিয়ে তাদের গণমাধ্যমেও তা প্রকাশ পেয়েছে। তবে ঢাকা-বেইজিং সুসম্পর্কে তৃতীয় দেশের কোনো চিন্তার কারণ দেখছেন না প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে বড় অগ্রগতি এসেছে। ১০টি দেশের সঙ্গে চুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে তিন দেশের সঙ্গে।

ইকনোমিক করিডোর প্রশ্নে প্রতিমন্ত্রী জানান, কোনো জটিলতা থাকলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বিচার বিশ্লেষণের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।

সারাবাংলা/একে/এসআর