Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিরোধীদলের অসহযোগিতার সুযোগে একটি গোষ্ঠী সক্রিয় হতে চায়: এ্যানি

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫০

বক্তব্য দিচ্ছেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

লক্ষ্মীপুর: বিরোধীদলের অসহযোগিতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী আগামী ডিসেম্বরে সক্রিয় হতে চায় বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকায় জিল্লুর রহিম কলেজে আয়োজিত বিনামূল্যে বিশেষায়িত মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবির ও ওষুধ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডাক্তার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) লক্ষ্মীপুর জেলা শাখা ও লায়ন্স ইন্টারন্যাশনাল যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আমরা শপথ নেওয়ার দিন বিরোধীদল উপস্থিত হয়নি। প্রথম দিন থেকে শুরু করে এখনো পর্যন্ত তারা প্রতিনিয়ত সরকারকে সবধরনের অসহযোগিতা করে যাচ্ছে। এই অসহযোগিতার সুযোগ নিয়েই একটি গোষ্ঠী আগামী ডিসেম্বরে সক্রিয় হতে চায়। বিরোধীদল যদি লংমার্চ বা রোডমার্চের মতো কর্মসূচি না দিত, তবে তারা এই সুযোগ পেত না।’

বিজ্ঞাপন

বিরোধীদলের আচরণের সমালোচনা করে তিনি বলেন, ‘তারা সংসদে বসে ভালো কথা বলে, কিন্তু বাইরে ভিন্ন আচরণ করে। গত ১৭ বছর যারা দেশবাসীর ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছে, তারা এখনো সুযোগ বুঝে দু’এক জায়গায় ঝটিকা মিছিল করে সটকে পড়ে। বিরোধীদল এখন ঢাকা থেকে রংপুর ও চট্টগ্রাম সফর করছে। তারা গ্যাস ও বিদ্যুতের দাবিতে আন্দোলন করছে এবং এখনই সব চাহিদা মেটানোর দাবি জানাচ্ছে। কিন্তু আমরা একটি ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছি। মাত্র ছয় মাসের মধ্যে কি সব গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব?’

জনদুর্ভোগের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, ‘বিরোধীদল যেসব লংমার্চ বা রোডমার্চ করছে, সেখানে কি বিপুল পরিমাণ জ্বালানি খরচ হচ্ছে না? এতে কি সাধারণ মানুষের যাতায়াতে জ্যাম সৃষ্টি হচ্ছে না? অসুস্থ রোগীদের কষ্ট বাড়ছে না? এগুলো কি কোনো দায়িত্বশীল কাজ? অথচ তারা সংসদে বলে সরকারকে সহযোগিতা করবে—এটা কি সহযোগিতার নমুনা?’

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘বিএনপিকে চাপে রেখে তারা ভবিষ্যতে ক্ষমতায় যেতে চায়। কিন্তু এভাবে কি ক্ষমতায় আসা যায়? নির্বাচনে ধর্মীয় আবেগ ব্যবহার করে এবং শেষ মুহূর্তে টাকা ও ভোটারদের দুর্বলতার সুযোগ নিয়ে কিছু ভোট আদায় করা হয়েছিল। ভবিষ্যতে আমাদের সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। দেশের ও জনগণের ক্ষতি করে কেউ সুবিধা নিতে চাইলে বিএনপি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার তা বরদাশত করবে না।’

ঐতিহাসিক পটভূমি তুলে ধরে তিনি বলেন, ‘গত ৫ আগস্টের অর্জন কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়; এর পেছনে রয়েছে দীর্ঘ ১৭ বছরের অবিরাম লড়াই-সংগ্রাম। ছাত্র-যুবক ও সাধারণ মানুষ রাজপথে রক্ত দিয়ে এই আন্দোলনের ক্ষেত্র তৈরি করেছিল বলেই ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছি।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, নোয়াখালী জেলার সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা এবং চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সারাবাংলা/এসআর/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর