Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তারেক রহমানকে ‘মূর্খদের হাত থেকে দেশ বাঁচানোর’ আহ্বান কর্নেল অলির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৩৩

এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম। ছবি: সংগৃহীত

রংপুর: লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এর সভাপতি ড. কর্নেল অলি আহমেদ বীর বিক্রম (অব.) কঠোর ভাষায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের সমালোচনা করে বলেছেন, ‘তারেক রহমান বিদেশে ১৭ বছর অতিবাহিত করেছেন। আমরা আশা করেছিলাম তিনি অনেক কিছু শিখে এসেছেন এবং তার পরিকল্পনা তার বাবা-মায়ের চেয়েও ভালো হবে। কিন্তু বর্তমান মন্ত্রিসভা বিএনপির নয়—এটি ভারত ও হাসিনার মন্ত্রিসভা।’

তিনি আরও বলেন, ‘আপনি যদি দেশকে বাঁচাতে চান, ১১ দলীয় ঐক্য জোটের সংসদ সদস্য এবং ড. শফিকুর রহমানের সঙ্গে বসুন। বেশি দেরি করবেন না। এক দফায় আসুন। দোষ দেবেন না। আমি প্রতিটি মিটিংয়ে ইঙ্গিত করেছি—বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে।’

বিজ্ঞাপন

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের সমাপনী সমাবেশে তিনি একথা বলেন।

ড. অলি আহমেদ বলেন,  ‘১৯৭৬ সালের পর থেকে রংপুরে অনেক জনসভায় এসেছি। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে, বেগম খালেদা জিয়ার সঙ্গে, পরে নিজে এবং জামায়াতের সঙ্গে এসেছি। কিন্তু আজকের মতো এত বড় জনসভা আর কখনো দেখিনি।’ তিনি মন্তব্য করেন, সন্ধ্যা হওয়ার পরও লাখ লাখ মানুষ, বিশেষ করে হাজার হাজার মহিলা রাস্তায় নেমে এসেছেন—এটি প্রমাণ করে জনগণ পরিবর্তন চায়।

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘যদি মনে করেন মুক্তিযোদ্ধারা বিনা যুদ্ধে ছেড়ে দেবে, এটা ভুল করবেন। তোমাদের দালাল এই সরকারে প্রবেশ করেছে, কিন্তু এতে পার পাবে না।’

তিস্তা নদীর সমস্যা প্রসঙ্গে ড. অলি আহমেদ বলেন, ‘তিস্তা আপনাদের মরণ সমস্যা। তিস্তা নদীর পানি এবং দুইদিকে নদীর শাসন অবশ্যই করতে হবে। আমরা চাই না হিন্দুস্তান ক্ষতিগ্রস্ত হোক, কিন্তু হিন্দুস্তানেরও উচিত নয় বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হোক। প্রতিবেশীর মতো থাকো, বাড়াবাড়ি করলে বিপদ ডেকে আনবে।’

ড. অলি আহমেদ স্পষ্ট করে বলেন, ‘আমরা সবাই মিলে ঐক্যমত পোষণ করেছি—এই কাজগুলো সম্পন্ন করতে হবে এবং দেশকে সুশাসনের জন্য প্রস্তুত করতে হবে। সারাজীবন অশিক্ষিত থেকে যাব, মূর্খ থেকে যাব, মূর্খের দেশ হবে—এটা হতে পারে না।’

তিনি ধর্মীয় প্রসঙ্গ টেনে বলেন, ‘আমার হুজুর পাক (সা.) বলেছেন, এমন একটি সময় আসবে যখন মূর্খরা দেশ পরিচালনা করবে এবং জ্ঞানীরা ঘরে বসে থাকবে। এখন সেই সময় এসে গেছে বলে মনে হয়। অন্তত আল্লাহর ওয়াস্তে তারেক সাহেবকে বলব, এই মূর্খদের হাত থেকে আমাদের রক্ষা করুন।’

ড. অলি আহমেদ শেষে হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রসঙ্গে ব্যঙ্গ করে বলেন, ‘মাঝে মাঝে হাসিনার ভিমরতি হয়, সেও বলে আমিও আসব। আরে তুই কোথায় আসবি? তোর স্বামীকে ফেলায় কিভাবে আসবি? স্বামীকে নিয়ে আয়, দুলাভাইকে নিয়ে আয়। তারপরে খেলা জমুক।’

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর