ঢাকা: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটের কাজে নিয়োজিত ব্যক্তি কিংবা সরকারি কর্মকর্তা-কর্মচারী যারা ভোট দিতে ইচ্ছুক, তাদের নিবন্ধনের সময় ৫ দিন কমিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুক হক-এর সই করা চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দেশের অভ্যন্তর থেকে পোস্টাল ভোটিংয়ের নিবন্ধন কার্যক্রম ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত উন্মুক্ত রাখার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ নিবন্ধন কার্যক্রম ৩ অক্টোবর পর্যন্ত উন্মুক্ত থাকবে।
উপনির্বাচনে ভোট দিতে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে ৩ অক্টোবরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছে ইসি।
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইসির তফসিল অনুযায়ী, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
জানা যায়, গত ১২ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোট দিতে ইচ্ছুক ২৯ জন বিদেশে বসবাসরত বাংলাদেশি আবেদেন করেন। গত ২৭ সেপ্টেম্বর থেকে নিবন্ধন শুরু হয়ে এখন পর্যন্ত ভোট দিতে দেশের ভেতর থেকে আবেদন এসেছে ১২৩টি।