Thursday 29 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৬ ২০:১২

ঢাকা: পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন এবং তাঁর মুক্তিযোদ্ধা সনদের সত্যতা যাচাইসহ সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত করতে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন এবং তাঁর মুক্তিযোদ্ধা সনদের সত্যতা ও এ-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। এসব প্রতিবেদনে উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ঘটনার প্রকৃত তথ্য উদ্‌ঘাটন ও সংশ্লিষ্ট বিষয়াদি যাচাইয়ের লক্ষ্যে মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান-এর নির্দেশনায় এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে ঘটনার বিস্তারিত বিবরণ, মানিক পশারীর মৃত্যু এবং তাঁর মুক্তিযোদ্ধা সনদের বিষয়ে তদন্ত শেষ করে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশ পর্যালোচনা করে প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরও বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনা ও মর্যাদা সমুন্নত রাখতে মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের নাম বাতিলের জন্য কাজ করছে মন্ত্রণালয়। একই সঙ্গে কোনো প্রকৃত মুক্তিযোদ্ধার সম্মান ও মর্যাদা যাতে ক্ষুণ্ন না হয়, সে বিষয়েও মন্ত্রণালয় সচেতন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোনো মুক্তিযোদ্ধা অনৈতিক কাজে সম্পৃক্ত হলে কিংবা কোনো সংগঠন বা গোষ্ঠীর হয়ে ব্যবহৃত হলে তার দায় তাঁকেই নিতে হবে।

মন্ত্রণালয় জানায়, মুক্তিযুদ্ধের আদর্শে গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তারা কাজ করছে। রাষ্ট্রের স্রষ্টাদের সম্মান রক্ষার পাশাপাশি কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে মুক্তিযুদ্ধের মহান স্রষ্টাদের নাম ব্যবহার করে রাষ্ট্রকে সংকটে ফেলতে না পারে, সে বিষয়েও মন্ত্রণালয় সজাগ রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর