ঢাকা: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন গোপন বা হিডেন কনটেন্ট ক্রিয়েটরে পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং প্রান্তে আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে আয়োজিত মোটরসাইকেল র্যালি শুরুর আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘৫ আগস্ট আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। বর্তমানে দলটি যেসব কার্যক্রম চালাচ্ছে, সেগুলোর মধ্য দিয়ে বাংলাদেশে তাদের পুনর্বাসন তো দূরের কথা, বরং দলটি যে কতটা ফ্যাসিবাদী ও গণবিচ্ছিন্ন শক্তি, সেটিই বারবার প্রমাণিত হচ্ছে। জুলাইয়ের পর থেকে চলা বিভিন্ন তৎপরতা মূলত আওয়ামী লীগের আদর্শে দীক্ষিত কিছু লোককে উজ্জীবিত করার জন্য এক ধরনের নাটক ও মিডিয়া স্ট্যান্ডবাজি।’
শেখ হাসিনার দেশে ফেরার আলোচনার প্রসঙ্গ টেনে এনসিপির এই সংসদ সদস্য বলেন, ‘তিনি সারা জীবন পালিয়ে না যাওয়ার কথা বললেও শেষ পর্যন্ত দেশ ছেড়ে চলে গেছেন।’ যিনি আসি আসি বলেও আসেন না, তিনি আর আসবেন না বলে মন্তব্য করে হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, এনসিপি চায় তিনি ফিরে আসুন এবং ফিরে এলে দেশের মানুষ তাকে ফাঁসির মঞ্চে পৌঁছে দেবে। কখনো বিমান বা গাড়ি পাঠানো কিংবা সীমান্তে খোঁজখবর নেওয়ার বিষয়গুলোকে তিনি নিছক নাটক হিসেবে অভিহিত করেন।
ভারতের ভূমিকার সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন ভারতকে যা দিয়েছেন তা দেশটি সারাজীবন মনে রাখবে বলে মন্তব্য করলেও এখন ভারত তাকে একটি বিমান পর্যন্ত দিচ্ছে না এবং একরকম এক কাপড়ে বিদায় করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। মাঝখানে বেলারুশসহ বিভিন্ন দেশে পাঠানোর বা পাসপোর্ট নেওয়ার চেষ্টা হলেও কেউ এই ঝামেলার দায়িত্ব নিতে চাইছে না। কোনো উপায় না পেয়ে এখন বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে ।
হাসনাত আবদুল্লাহ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে ভারতের প্রতি আহ্বান জানান এবং তার বিরুদ্ধে হওয়া বিচারের রায় দ্রুত বাস্তবায়নের দাবি তোলেন।
আগুন সন্ত্রাস ও জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার কর্মকাণ্ডকে আওয়ামী লীগের অভ্যাসগত আচরণ হিসেবে বর্ণনা করে এনসিপির এই নেতা অভিযোগ করেন, দেশে ও বিদেশে বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও একই ধরনের কর্মকাণ্ড দেখা গেছে। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সরাসরি মদদদাতা হিসেবে ভারতকে অভিযুক্ত করে তিনি দাবি করেন, ভারতের ভূমি ব্যবহার করে এবং সেখানে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে এসে নাশকতা চালিয়ে আবার সীমান্ত অতিক্রম করে ভারতে ফিরে যাওয়া হচ্ছে, যা আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার শামিল।
মোটরসাইকেল র্যালি-পূর্ব এই সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক তারেক এ. আদেলসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।