Wednesday 13 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুর টেস্টে লিড পেল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ মে ২০২৬ ১৮:২৪

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে দুর্দান্ত ব্যাটিং করা বাংলাদেশের দ্বিতীয় দিনটা কেটেছিল হতাশার। তবে তৃতীয় দিনে ঠিকই ঘুরে দাঁড়ালেন স্বাগতিকরা। মেহেদি হাসান মিরাজ আর তাসকিন আহমেদের বোলিংয়ে মিরপুর টেস্টে লিড পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের প্রথম ইনিংস শেষ পর্যন্ত থেমেছিল ৪১৩ রানে। পরে ১ উইকেটে ২১০ রান তুলে লিড নেওয়ার সম্ভবনা দেখাচ্ছিল পাকিস্তান। কিন্তু মিরাজ আর তাসকিনের বোলিংয়ে সেটা সম্ভব হয়নি। পাঁচ উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। পাকিস্তানের প্রথম ইনিংস শেষ পর্যন্ত থেমেছে ৩৮৬ রানে। যাতে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেয়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

বৃষ্টির কারণে আজ দিনের তৃতীয় সেশনের অনেকটা খেলা হয়নি। পরে আলোকস্বল্পতাও দেখা দেয়। যাতে দিনের খেলা শেষ হয়েছে আগেভাগেই। বাংলাদেশ পরে বিনা উইকেটে ৭ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে।

রোববার (১০ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১ উইকেটে ১৭৯ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। আগের দিনের মতো আজ সকালেও দারুণ ব্যাটিংই করেছেন পাকিস্তানিরা। তবে তাসকিন আহমেদ একটা উইকেট এনে দেওয়ার পরই উইকেট পাওয়ার যেন পথ খুঁজে পায় বাংলাদেশ!

পাকিস্তানের দলীয় ২১০ রানের মাথায় সেঞ্চুরিয়ান আজানকে ফেরান তাসকিন আহমেদ। ১৬৫ বল খেলে ১৪টি চারের সাহায্যে ১০৩ রান করে ফেরেন আজান।

এরপর মাত্র ৪ রানের ব্যবধানে আরও তিন উইকেট তুলে নেন তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ। আজানের পর পাকিস্তান অধিনায়ক শান মাসুদকেও ফেরান তাসকিন। আর মেহেদি হাসান মিরাজ ফিরিয়েছেন সাউদ সাকিল ও ৬০ রান করা আবদুল্লাহ ফাজাল।

তবে মিডল অর্ডারে দুই অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগা দাঁড়িয়ে গিয়েছিলেন ব্যাট হাতে। এই দুজনের ব্যাটিংয়ে মনে হচ্ছিল পাকিস্তানের লিড পাওয়া বুঝি সময়ের ব্যাপার মাত্র। কিন্তু মেহেদি হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম পরপর উইকেট নিয়ে সেটা হতে দেননি।

শেষ পর্যন্ত ৩৮৬ রানে থেমেছে পাকিস্তান। ৫৯ রান করেছেন মোহাম্মদ রিজওয়ান। আর সালমান আলি আগা করেছেন ৫৮ রান।

বাংলাদেশের হয়ে মেহেদি হাসান মিরাজ ১০২ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। তাইজুল ইসলাম ৪৬ রানে ও তাসকিন আহমেদ ৭০ রানে নিয়েছেন ২টি করে উইকেট।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর