ফরাসি ফুটবলে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। লিগ ওয়ানের ম্যাচে লঁসকে ২-০ গোলে হারিয়ে টানা পঞ্চমবারের মতো ফরাসি লিগ শিরোপা নিশ্চিত করেছে প্যারিসের ক্লাবটি।
বুধবার রাতে লঁসের মাঠে পরিস্কার ফেভারিট ছিল লুইস এনরিখের দল। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে পিএসজি। প্রথমার্ধের শেষ দিকে জর্জিয়ান তারকা খভিচা কাভারাতসখেলিয়ার গোলে এগিয়ে যায় পিএসজি। এরপর যোগ করা সময়ে বদলি খেলোয়াড় ইব্রাহিম এমবায়ে দ্বিতীয় গোল করলে জয় নিশ্চিত হয় সফরকারীদের।
এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে ৯-এ। দ্বিতীয় স্থানে থাকা লঁসের পক্ষে আর সেই ব্যবধান পেরোনো সম্ভব নয়। ফলে আনুষ্ঠানিকভাবেই লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত হলো পিএসজির।
এর আগে গত সপ্তাহে ব্রেস্টকে ১-০ গোলে হারিয়ে শিরোপার কাছাকাছি যায় পিএসজি। লঁসের বিপক্ষে ম্যাচটি ছিল শুধু আনুষ্ঠানিকতার। ড্র করলেও শিরোপা নিশ্চিত হতো, কিন্তু জিতেই শিরোপা উৎসব করেছে প্যারিসের দলটি।
এ নিয়ে ইতিহাসে ১৪তমবারের মতো ফরাসি লিগের শিরোপা জিতল পিএসজি, যা দেশটির ফুটবল ইতিহাসে সর্বোচ্চ। সর্বশেষ ১৪ বছরের মধ্যে ১২ বারই চ্যাম্পিয়ন হলো পিএসজি।
চলতি মৌসুমে ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে ইতোমধ্যেই উয়েফা সুপার কাপ, ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে পিএসজি। আগামী ৩০ মে বুদাপেস্টে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনালের মুখোমুখি হবে পিএসজি। সেই ম্যাচ জিততে পারলে আধুনিক যুগে টানা দুইবার ইউরোপিয়ান কাপ জেতা মাত্র দ্বিতীয় ক্লাব হিসেবে ইতিহাস গড়বে তারা।
ম্যাচ শেষে পিএসজি তারকা উসমান দেম্বেলে বলেন, “আমরা এখানে জিততে এসেছিলাম। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ৩০ মে’র ফাইনালের জন্য নিজেদের প্রস্তুত করা। এখনও একটি ম্যাচ বাকি আছে, এরপর আমরা এই শিরোপা উদযাপন করব।”