Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লিটন দাপটের পর ২৭৮ রানে থামল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৬ ১৭:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টে আগে ব্যাট করতে নেমে বড় বিপদেই পরেছিল বাংলাদেশ। ১১৬ রানের মাথায় ষষ্ঠ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। সেখান থেকে ব্যাট হাতে লিটন দাসের দাপট। শেষ দিকের ব্যাটারদের উইকেট জিইয়ে রাখতে ওভারের বেশিরভাগ বলগুলো খেলছিলেন। শেষ দিকে ব্যাটে রীতিমতো ঝড় তুলেছিলেন। দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন। যাতে বাংলাদেশও একটা স্বচ্ছন্দের স্কোর পেয়েছে।

লিটনের দুর্দান্ত সেঞ্চুরিতে সিলেট টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ শেষ পর্যন্ত থেমেছে ২৭৮ রানে। ১২৬ রান করে আউট হয়েছেন লিটন।

শনিবার (১৬ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে ভালোভাবে এগুতে পারেনি বাংলাদেশ। প্রথম সেশন শেষে বাংলাদেশের স্কোর ছিল ৩ উইকেটে ১০১। অপরাজিত ছিলেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। ফর্মে থাকা দুই অভিজ্ঞ ব্যাটার ছিলেন বলে মনে হচ্ছিল বিপদ কাটিয়ে উঠবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

কিন্তু দ্বিতীয় সেশনে বিপদ আরও বেড়েছে। মাত্র ১০ রানের ব্যবধানে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমের সঙ্গে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ। ২৯ রান করে ফিরেছেন শান্ত, মুশফিক ২৩ রানে। মিরাজ ফিরেছেন মাত্র ৪ রান করে। বাংলাদেশের শেষ স্বীকৃত ব্যাটার মিরাজ যখন ফিরলেন তখন স্কোরবোর্ডে রান ১১৬।

সেই সময় লিটন অপরাজিত ছিলেন ১৩ বলে ২ রান করে। সেখান থেকেই লিটনের সংগ্রাম শুরু। প্রথম দিকে পাকিস্তানি বোলারদের ওভারের বেশিরভাগ বল তিনি খেলছিলেন, লোয়ার অর্ডারের উইকেট জিইয়ে রাখতে। পরে সিদ্ধান্ত নিলেন রান তোলার দায়িত্বটাও নিতে হবে তাকেই!

৯৩ বলে ফিফটি করা লিটন সেঞ্চুরি পূর্ণ করলেন ১৩৫ বলে। অর্থাৎ পরের পঞ্চাশ করতে খেলেছেন মাত্র ৪২ বল! উইকেট জিইয়ে রেখে পাকিস্তানি বোলারদের রীতিমতো তুলধুনু করেছেন ক্লাসিক লিটন। নবম ব্যাটার হিসেবে শেষ পর্যন্ত ফিরেছেন ব্যক্তিগত ১২৬ রানের মাথায়। ১৫৯ বল খেলে ১৬টি চার ২টি ছক্কায় এই রান করেছেন লিটন।

লিটন ফেরার পর বাংলাদেশের স্কোরবোর্ডে আর রান জমা হয়নি। ২৭৮ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। শেষ ব্যাটার নাহিদ রানা ফিরেছেন শূন্য রানে।

পাকিস্তানের হয়ে ৪ উইকেট নিয়েছেন খুররাম শাহজাদ। ৩টি উইকেট নিয়েছেন মোহাম্মদ আব্বাস। দুই উইকেট  হাসান আলির।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর