Thursday 11 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোস্তাফিজ-তাসকিন যা করলেন অস্ট্রেলিয়াকে আগে এমন `লজ্জা’ দিতে পারেনি কেউ!

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৬ ১১:৩৩

বাংলাদেশি পেসারদের জয়জয়কার চলছেই। প্রতিপক্ষ পাল্টায়, ফরম্যাট পাল্টায় কিন্তু বাংলাদেশি পেসারদের দাপট একই রকম! এবার বাংলাদেশের পেস আক্রমণ বিশ্বের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়াকে এমন লজ্জা দিলো যা ইতিহাসে এর আগে দিতে পারেনি কেউ!

মিরপুরে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। আগে বোলিং করতে নেমে শূন্য রানে অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের দুই পেসার মোস্তাফিুজর রহমান ও তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে শূন্য রানে তিন উইকেট হারানোর মতো এমন ঘটনা অতীতে কখনোই ঘটেনি। বাংলাদেশও এই প্রথমবার শূন্য রানে কোনো প্রতিপক্ষের ৩ উইকেট তুলে নিলো।

বিজ্ঞাপন

ক্রিকেট ইতিহাসেই এমন ঘটনা এর আগে ঘটেছে মাত্র তিনবার। দুবার এর শিকার হয়েছিল পাকিস্তান আর একবার এর শিকার বাংলাদেশ নিজেই। বিশ্বকাপ ম্যাচে শ্রীলংকার চামিন্দা ভাসের এক ওভারেই চার উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। সেই বাংলাদেশ আজ অস্ট্রেলিয়ার মতো দলকে দিল এমন লজ্জা!

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে দাপুটে জিতে সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ। সিরিজের বাকি দুই ম্যাচের একটিতে জিতলেই সিরিজ জয়। এমন সমীকরণে আজ দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ। টস জিতে আগে বোলিং করতে নেমে বাংলাদেশের শুরুটা হলো অভাবনীয়।

একটি পরিবর্তন নিয়ে আজ একাদশ সাজিয়েছে বাংলাদেশ। টানা ব্যর্থ ওপেনার সাইফ হাসানের বদলে একাদশে ডাকা হয়েছে সৌম্য সরকারকে। এছাড়া প্রথম ওয়ানডের একাদশটাই রাখা হয়েছে দ্বিতীয় ওয়ানডেতে।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানভীর ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ: জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর