এরই মধ্যে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে ফিফা বিশ্বকাপ ২০২৬। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে স্বাগতিক মেক্সিকো। মেক্সিকো সিটির ঐতিহ্যবাহী আজতেকা স্টেডিয়ামে প্রথমার্ধের খেলা শেষে ১-০ গোলে এগিয়ে আছে স্বাগতিকরা।
ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে মেক্সিকো। তার ফলও এসেছে দ্রুত। নয় মিনিটের মাথায় হুলিয়ান কিনিয়োনেসের সাফল্যে লিড নিয়ে নেয় দলটি। ২০২৬ বিশ্বকাপের প্রথম গোলটি করেন হুলিয়ান।
প্রথমার্ধে ৫৭ শতাংশ সময় বল মেক্সিকোর দখলে ছিল। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার পায়ে ছিল ৪৩ শতাংশ। গোলে শট এবং অন টার্গেট শট সবকিছুতেই স্বাগতিকরা। প্রথম ৪৫ মিনিটে মেক্সিকো লক্ষ্যে শট নিয়েছে ১০টি, দক্ষিণ আফ্রিকা দু’টি। লক্ষ্য বরাবর মেক্সিকোর শট ছিল দু’টি, আফ্রিকার একটি।
ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় মেক্সিকো। তবে সেই সুযোগ হাতছাড়া করেন রাউল জিমিনেজ। তার বা পায়ের জোড়ালো শট ঠেকিয়ে দেন আফ্রিকান গোলকিপার রোনেন উইলিয়ামস। নবম মিনিটে অবশ্য সেই আক্ষেপ ঘুচিয়ে প্রথম গোল এনে দেন হুলিয়ান। আর ১৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পান হুলিয়ান। তবে এবার শট গোলে রাখতে পারেননি, বারের সামান্য উপর দিয়ে বল চলে যায়। প্রথমার্ধের শেষদিকে আরও কিছু সুযোগ হাতছাড়া করে স্বাগতিকরা। ফলে এক গোলের লিড নিয়েই বিরতিতে যেতে হয় তাদের।