Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ হকি দলের দায়িত্বে আবারও পিটার গেরহার্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৬ ২১:০১

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে জাতীয় হকি দলের প্রস্তুতিতে নতুন গতি আনতে আবারও অভিজ্ঞ জার্মান কোচ পিটার গেরহার্ডকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। শুক্রবার সকালে ঢাকায় পৌঁছেছেন তিনি। শনিবার থেকেই জাতীয় দলের ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করবেন এই অভিজ্ঞ কোচ।

বাংলাদেশ হকির সঙ্গে পিটার গেরহার্ডের সম্পর্ক দীর্ঘদিনের। ২০০৯ সালে প্রথমবার কোচিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসেন তিনি। এরপর বিভিন্ন সময়ে জাতীয় দলের কোচ ও টেকনিক্যাল ডিরেক্টরসহ একাধিক ভূমিকায় কাজ করেছেন।

বর্তমানে এশিয়ান গেমসকে সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি চলছে। সম্প্রতি চলমান ক্যাম্পে অভিজ্ঞ খেলোয়াড় রাসেল মাহমুদ জিমিসহ ছয়জনকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার সেই দলকে নিয়েই কাজ শুরু করবেন গেরহার্ড।

বিজ্ঞাপন

ঢাকায় পৌঁছে নিজের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের খেলোয়াড়রা আমার কাছে পরিচিত। আমি জানি তাদের কীভাবে ব্যবহার করতে হবে। আশা করি, এশিয়ান গেমসে আমরা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারব।’

প্রাথমিকভাবে দুই মাসের চুক্তিতে জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন গেরহার্ড। তবে এশিয়ান গেমসে দলের পারফরম্যান্স সন্তোষজনক হলে তার চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স।

এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় দলকে জার্মানিতে নিয়ে যাওয়ারও পরিকল্পনা রয়েছে। সেখানে এক মাসের কন্ডিশনিং ক্যাম্পের পাশাপাশি দেশটির শীর্ষ লিগের কয়েকটি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আন্তর্জাতিক মানের অনুশীলন ও প্রতিযোগিতার অভিজ্ঞতা দলকে আরও পরিণত করবে বলে মনে করছে ফেডারেশন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো