প্রথমবারের মতো নেপাল জাতীয় দলের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ২০২৭ সালের মার্চে নেপাল গিয়ে তিন ম্যাচের একটা টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় প্রাণ হারানো ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সিরিজটি উৎসর্গ করা হবে।
সম্প্রতি বাংলাদেশ দলকে সিরিজ খেলার আমন্ত্রণ জানায় নেপাল। বিষয়টি দেশের ক্রিকেটে বেশ আলোচিত হচ্ছিল। কদিন আগে বিসিবির পক্ষ থেকে সিরিজ খেলার বিষয়ে ইতিবাচক বার্তা দেওয়া হয়। এবার চূড়ান্ত ঘোষণাই দেওয়া হলো।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কাঠমান্ডুতে আগামী বছরের ২৬, ২৮ ও ৩০ মার্চ ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নেপালের ক্রিকেটের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে বিসিবি। দুই দেশের ক্রিকেটীয় সহযোগিতার আওতায় পুরুষ ও নারী দলের সফর, হাই পারফরম্যান্স কার্যক্রম, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তাসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ অন্তর্ভুক্ত থাকবে।
সম্প্রতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী। পরে বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গেও বৈঠক করেন তিনি। সেখানেই ক্রিকেট সিরিজ খেলার আমন্ত্রণ জানান ঘনশ্যাম ভান্ডারী।