Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিপিএলে ফিক্সিং: আরও দু’জন নিষিদ্ধ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫:২২ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত দুই আসর ঘিরে দুর্নীতির তদন্তে আরও দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তদন্ত চলাকালে মো. আব্দুল কাইয়ুম রাশেদ ও মো. আমিন খানকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের তদন্তের ভিত্তিতে আইসিসির অ্যান্টি-করাপশন কোড ফর পার্টিসিপ্যান্টসের একাধিক ধারা লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড।

দুই অভিযুক্তের মধ্যে রাশেদ ছিলেন বিপিএলের দ্বাদশ আসরের দল চট্টগ্রাম রয়্যালসের মালিক। আর আমিন খান গত আসরে একই দলের অপারেশন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে একাদশ আসরে তিনি দুর্বার রাজশাহীর টিম অফিসিয়ালের দায়িত্বেও ছিলেন।

বিজ্ঞাপন

বিসিবির বিজপ্তি অনুযায়ী, ১১তম ও ১২তম বিপিএলকে ঘিরে ম্যাচের ফল প্রভাবিত করার মতো কর্মকাণ্ড, দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট তথ্য গোপন রাখা এবং অ্যান্টি-করাপশন তদন্তে সহযোগিতা না করার অভিযোগ তদন্তে উঠে এসেছে।

রাশেদের বিরুদ্ধে আইসিসি কোডের ২.১.১, ২.৪.৪, ২.৪.৬ ও ২.৪.৭ ধারায় অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ম্যাচের ফলাফল অনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা, দুর্নীতির প্রস্তাব সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবহিত না করা এবং তদন্তে অসহযোগিতার অভিযোগ রয়েছে।

অন্যদিকে আমিন খানের বিরুদ্ধে ২.১.১, ২.১.৪, ২.৪.৬ ও ২.৪.৭ ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। তার বিরুদ্ধে ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা, দুর্নীতিতে প্ররোচনা, তদন্তে সহযোগিতা না করা এবং তদন্তে প্রতিবন্ধকতা সৃষ্টি বা প্রমাণ নষ্ট করার অভিযোগ রয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিসিবির নিয়ম অনুযায়ী, অভিযোগের জবাব দেওয়ার জন্য দুই কর্মকর্তাকে ১৪ দিন সময় দেওয়া হয়েছে। তাদের জবাব পাওয়ার পর পরবর্তী আইনি ও শৃঙ্খলাজনিত প্রক্রিয়া এগোবে।

বিপিএলকে ঘিরে দুর্নীতিবিরোধী তদন্তে এর আগেও একাধিক ব্যক্তির নাম সামনে এসেছে। নতুন দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মধ্য দিয়ে সেই তদন্তের পরিধি আরও বিস্তৃত হলো।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

এ বছর ‘হচ্ছে না’ ইউপি নির্বাচন!
১৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:০৩

আরো

সম্পর্কিত খবর