Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দিল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৭

এশিয়ান গেমসে অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ। আগের দিন আটটি ইভেন্টে অংশ নিয়েও কোনো জয় না পাওয়া বাংলাদেশ আজ ছেলেদের কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে স্বস্তির জয় তুলে নিয়েছে।

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে গ্রুপ ‘এ’-এর প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩৯–৩৫ পয়েন্টে জিতেছে বাংলাদেশ। জাপানের তোখাই সিটিজেন জিমনেসিয়ামে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুই দলের মধ্যে।

প্রথমার্ধে সামান্য ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। বিরতিতে যাওয়ার সময় স্কোরলাইন ছিল বাংলাদেশের পক্ষে ১৭–১৬। ফলে দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখাই ছিল বাংলাদেশের সামনে মূল চ্যালেঞ্জ।

বিজ্ঞাপন

বিরতির পর অবশ্য আক্রমণে আরও ধার বাড়ায় বাংলাদেশ। একের পর এক পয়েন্ট তুলে নিয়ে দক্ষিণ কোরিয়ার ওপর চাপ তৈরি করতে থাকে তারা। দ্বিতীয়ার্ধে ২২–১৯ পয়েন্টে এগিয়ে থেকে শেষ পর্যন্ত ৪ পয়েন্টের জয় নিশ্চিত করে বাংলাদেশ।

বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ‘অলআউট’। পুরো ম্যাচে দক্ষিণ কোরিয়াকে দুইবার অলআউট করে ৪ পয়েন্ট আদায় করে নেয় বাংলাদেশ। বিপরীতে বাংলাদেশকে একবার অলআউট করতে পেরে দক্ষিণ কোরিয়া পায় ২ পয়েন্ট।

রক্ষণেও দুই দলের লড়াই ছিল সমানতালে। উভয় দলই একটি করে সফল ‘সুপার ট্যাকল’ করেছে, যা থেকে দুই দল পেয়েছে ২ পয়েন্ট করে। ম্যাচে বাংলাদেশের খেলোয়াড়েরা দুটি গ্রিন কার্ড দেখেছেন। তবে কোনো খেলোয়াড়কে হলুদ কিংবা লাল কার্ড দেখতে হয়নি।

এশিয়ান গেমসে কাবাডিতে জয় দিয়ে শুরু করা বাংলাদেশ এবার পরের ম্যাচের প্রস্তুতি নেবে। আগামীকাল গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে চায়নিজ তাইপের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর