Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাকিস্তানের কাছে ৩১ রানে হার, ব্রোঞ্জও জিততে পারল না বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩২

এশিয়ান গেমসে পদক জয়ের শেষ সুযোগটাও কাজে লাগাতে পারল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের কাছে সেমিফাইনালে হারের পর এবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও পরাজয় জ্যোতি-সুপ্তাদের। পাকিস্তানের কাছে ৩১ রানে হেরে ব্রোঞ্জ পদকও জেতা হলো না বাংলাদেশ দলের।

নাগোয়ার কারোগি স্পোর্টস পার্কে আগে ব্যাট করে ১৪৬ রান তোলে পাকিস্তান। লক্ষ্য তাড়ায় বাংলাদেশের শুরুটাই ছিল হতাশার। মাত্র ২০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। দ্রুত উইকেট হারানোর পর চাপ সামলানোর দায়িত্ব পড়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার সুপ্তার ওপর।

চতুর্থ উইকেটে দুজন মিলে ৪৭ রান যোগ করে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনেন। কিন্তু জুটি ভাঙার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। রান তোলার চাপ সামলাতে গিয়ে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন জ্যোতি। ২৫ বলে ৩০ রান করে ফেরেন জ্যোতি। অধিনায়কের বিদায়ের পর বাংলাদেশও কার্যত পথ হারায়।

বিজ্ঞাপন

সুপ্তা তখনও এক প্রান্ত আগলে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু অপর প্রান্তে একের পর এক উইকেট পড়তে থাকায় লক্ষ্যের কাছাকাছি যাওয়া সম্ভব হয়নি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৪ রানেই থামে বাংলাদেশের ইনিংস। ফলে পাকিস্তানের কাছে হার ৩১ রানে। সুপ্তা ৪৫ বলে ৪৬ রান করেন।

বাংলাদেশের ব্যাটিং ধসে বড় অবদান পাকিস্তানের স্পিনার উম্মে হানি। ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে তিনি বাংলাদেশের রান তাড়ায় বড় বাধা হয়ে দাঁড়ান।

তবে ম্যাচের ফল নির্ধারণে শুধু ব্যাটিং ব্যর্থতাই নয়, বাংলাদেশের ফিল্ডিংয়েও ছিল হতাশার। পাকিস্তানের ইনিংসে শুরুতেই ফাতিমা সানার ক্যাচ হাতছাড়া করে বাংলাদেশ। জীবন ফিরে পেয়ে সেই সুযোগ কাজে লাগান পাকিস্তানি এই ব্যাটার এবং দলের স্কোরকে লড়াইয়ের অবস্থায় নিয়ে যান। ৩০ বলে ৪৫ রান করেন সানা।

এর আগে সেমিফাইনালে ভারতের বিপক্ষে ১১৪ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। ফলে ফাইনালের সুযোগ হারানোর পর ব্রোঞ্জ পদকের দিকে নজর ছিল বাংলাদেশের। কিন্তু পাকিস্তানের বিপক্ষেও তিন বিভাগে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে না পারায় সেই পদকও আর পাওয়া হলো না।

গত হাংজু এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়েই ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। এবার সেই একই প্রতিপক্ষের কাছে হেরে তৃতীয় স্থানও পাওয়া হলো না। এশিয়ান গেমসের নারী ক্রিকেট থেকে এবার পদকশূন্য হয়েই ফিরতে হচ্ছে বাংলাদেশকে।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আজ ঢাকার বাতাস ‘সহনীয়’
২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:০০

বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস
২২ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫২

আরো

সম্পর্কিত খবর