এশিয়ান গেমসে নিজেদের প্রথম অংশগ্রহণে কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী হকি দল। টানা তৃতীয় ম্যাচেও বড় ব্যবধানে হারতে হয়েছে তাদের। এবার শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা।
বুধবার জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে পুল ‘এ’র ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দক্ষিণ কোরিয়া। প্রতিপক্ষের একের পর এক আক্রমণে দিশা খুঁজে পায়নি বাংলাদেশের রক্ষণভাগের। শেষ পর্যন্ত ম্যাচজুড়ে আটবার বাংলাদেশের জালে বল পাঠায় কোরিয়ানরা। বিপরীতে বাংলাদেশ একবারও জালের ঠিকানা খুঁজে পায়নি।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে চীনের কাছে ১৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে তুলনামূলক ভালো প্রতিরোধ গড়ে ৩-১ গোলে হারে। সেক্ষেত্রে গোলের হিসেবে তিন ম্যাচ শেষে বাংলাদেশের ব্যবধান দাঁড়িয়েছে ১-২৪।
টুর্নামেন্টে বাংলাদেশের আরও দুটি ম্যাচ বাকি। সামনে কাজাখস্তান ও চাইনিজ তাইপের বিপক্ষে মাঠে নামবে তারা। বড় ব্যবধানে হারের হতাশা পেছনে ফেলে বাকি দুই ম্যাচে বাংলাদেশ নারী দল কতটা ঘুরে দাঁড়াতে পারে সেটাই দেখার বিষয়।