Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৬ ১৭:৩৭

আগামী মাসে এশিয়ার শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের মিশনে নামতে যাচ্ছে বাংলাদেশের যুবারা। আগামী ৫ নভেম্বর শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের নতুন আসর। বাংলাদেশের যুবারা নিজেদের প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে।

এবারের টুর্নামেন্ট হবে ৫০ ওভারের। আট দলকে দুই গ্রুপে ভাগ করে সাজানো হয়েছে সূচী। ‘এ’ গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া।

বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে উদ্বোধনী দিনেই। ৫ নভেম্বর প্রথম ম্যাচে আজিজুল হাকিম তামিমের দল মুখোমুখি হবে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের। এরপর ৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ৯ নভেম্বর। সেখানে প্রতিপক্ষ মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ দল। অর্থাৎ পাঁচ দিনের মধ্যে তিনটি ম্যাচ খেলে গ্রুপ পর্বের ভাগ্য নির্ধারণ করতে হবে যুব টাইগারদের।

দুই গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে। শেষ চারের লড়াই হবে ১২ নভেম্বর। এরপর ১৪ নভেম্বর শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দুই ফাইনালিস্ট।

যুব এশিয়া কাপে বাংলাদেশের অতীত বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত দুইবার শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে সর্বশেষ আসরে শিরোপার খুব কাছে গিয়েও থামতে হয়েছিল, সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় নেয় আজিজুল হাকিম তামিমের দল।

সারাবাংলা/এসএইচএস